ডিসেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নববর্ষ নিয়ে সবাই কমবেশী চিন্তা ভাবনা করছে। আর এক্ষেত্রে পিছিয়ে নেই বলিউড তারকারাও। ইতিমধ্যেই তারাও নানা উপায়ে এই দিনটি উদযাপনের কথা চিন্তা ভাবনা করছেন। এবার প্রিয়াঙ্কা চোপড়া, সুনীল শেঠী এবং সোনম কাপুর পরিবারের সঙ্গে দিনটি উপভোগ করতে যাচ্ছেন। পাশাপাশি ভক্তদের সঙ্গে কাটানোর কথা ভাবছেন বিপাশা বসু এবং মালাইকা অরোরা। ভারতীয় ওয়েবসাইট অবলম্বনে অন্যান্যদের নববর্ষ ভাবনাও জানানো হল।
প্রীতি জিনতা
দীপা মেহতার 'হেভেন অন আর্থ' ছবির শুটিং শেষ করে প্রীতি জিনতা এখন বলতে গেলে ছুটিতে আছেন। এবার তাই নববর্ষে তিনি একদম ঝামেলাহীন। গতবার অসুস্থতার কারণে নববর্ষ উৎযাপন করতে পারেননি। তাই এবার সুদে আসলে আনন্দ উপভোগ করতে তিনি থাইল্যান্ডের ফুকেত যাচ্ছেন। সেখানেই বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করবেন।
প্রিয়াঙ্কা চোপড়া
নববর্ষ উৎযাপন সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়া জানান, "৩০ ডিসেম্বর পযর্ন্ত আমি শুটিং নিয়ে ব্যস্ত থাকব। তারপর একদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর অবকাশ পাব। নববর্ষের পরেই আমি একটি সাবানের বিজ্ঞাপনে শুটিংয়ের জন্য ব্যাংকক যাচ্ছি। নববর্ষে আমার প্রার্থনা, আমার বাবা ভালো থাকুক এবং আমার ছবি সফল হোক।"
সুনীল শেঠি
সুনীল শেঠি জানান, "খান্ডালায় বাড়িতে পরিবারের সঙ্গে এবার নববর্ষ কাটাতে যাচ্ছি। আর এখানে আমার বাবা-মাও থাকবে। আমি আমার পরিবারকে সুখী করতে চাই। আর পেশার ক্ষেত্রে বলতে পারি, আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠান 'পপকর্ন এন্টারটেইনমেন্টকে সামনে এগিয়ে যেতে চাই।"
বিপাশা বসু
"এবার নিউ ইয়ারে আমি কাজে ব্যস্ত থাকব। আমি 'ম্যারিয়ট' হোটেলে পারফর্ম করব। তারপর এক সপ্তাহের ছুটিতে আমি কেনিয়া যাব। আমার আশা ২০০৮ আমি খুব আনন্দে থাকব এবং অনেক ভালো কাজ করব।"
আরবাজ খান
"এ বছর নববর্ষে আমি আমার বাবা-মা ও ভাইদের সঙ্গে পারিবারিক খঅমারবাড়িতে কাটাব। ২০০৮ সালে আমি ধূমপান ত্যাগ করতে চাই। আমার ছেলে বড় হচ্ছে এবং আমি চাই না সে ধূমপানকে ভালো কিছু মনে করুক।"
তুষার কাপুর
"নববর্ষে আমি মুম্বাইয়ের বাইরে যেতে পারছি না। কারণ আমি শুটিং নিয়ে বেশ ব্যস্ত আছি। তাই ৩১ ডিসেম্বর শুধু ঘনিষ্ঠ বন্ধুদের বাড়িতে যেতে পারব। প্রার্থনা করি নতুন বছরে আমার ছবিগুলো যেনো সাফল্য পায়।"
সোনম কাপুর
"নববর্ষে আমি জয়পুরে কাজে থাকব। কিন্তু আমার বাবা-মা, বোন এবং আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে দেখতে এখানে আসবে।"
এষা দেওল
"৩১ ডিসেম্বর আমি আমার স্কুলের পুরাতন বন্ধুদের সাথে কাটাব।"
উর্মিলা মাটোন্ডকার
"নববর্ষের দিন আমি কাজ নিয়ে ব্যস্ত থাকব।"
শাবানা আজমি
"নতুন বছর নিয়ে আমার কোন পরিকল্পনা নেই। আমার ধারণা নতুন বছরের গতির সঙ্গে আমি এগিয়ে যেতে পারব।"
মোনা সিং
ভারতের মিনি পর্দার জনপ্রিয় তারকা মোনা সিং জানান, "শুনতে বিরক্তিকর লাগলেও নববর্ষে আমি গুরুদুয়ারা দর্শন করব। ঈশ্বরকে ধন্যবাদ তিনি আমাকে অনেক দিয়েছেন। গুরুদুয়ারা দর্শন শেষে আমি পরিবারের সঙ্গে বাকী সময়টা কাটাব। রাত্রে বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে অংশ নেব। প্রার্থনা করছি ২০০৮ সালে আমি যেন বলিউডে একটি বড় চরিত্রে কাজ করতে পারি।"
রাহুল খান্না
"আমেরিকায় বন্ধুদের সঙ্গে এবার আমি নববর্ষ কাটাব।"
মালাইকা অরোরা
"নববর্ষে আমি দিল্লি কান্ট্রি ক্লাবে একটি অনুষ্ঠানে পারফর্ম করব।"
কোয়েনা মিত্র
"আমি সাহারায় স্টার হোটেলে নাচ পরিবেশন করব। এরপর একটি পার্টিতে অংশ নেব। নববর্ষে আমি কাজ করতে পারছি এজন্য আমি খুশি। ২০০৮ সালে আমি আরও ভালো কাজ এবং সবার ভালোবাসা প্রত্যাশা করি।"
সেলিনা জেটলি
"২৭ ডিসেম্বর আমার ভাই বিয়ে করছে। তাই নববর্ষে তার প্রিয়তমাকে নিয়ে পরিবারের সঙ্গে ডিনারে অংশ নিতে হবে।"
বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/ এমআইআর/২২১৬ ঘ
bdnews24