২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে ফাতেমা তুজ জোহরার একক সঙ্গীত সন্ধ্যা

ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দি বাংলাদেশ স্কুলের আয়োজনে একক সঙ্গীত সন্ধ্যায় গান গেয়েছেন ফাতেমা তুজ জোহরা। খবর ওমানের একটি পত্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ডিসেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দি বাংলাদেশ স্কুলের আয়োজনে একক সঙ্গীত সন্ধ্যায় গান গেয়েছেন ফাতেমা তুজ জোহরা। খবর ওমানের একটি পত্রিকার। বৃহস্পতিবার মাস্কাটের দি বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের ৩৭তম বিজয় দিবস এবং ওমান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পুর্তি উপলক্ষে ওই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফাতেমা তুজ জোহরা অনুষ্ঠানে হারমোনিয়াম ও তবলা সহযোগে ধ্র"পদী, লোক ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন যার অধিকাংশই ছিল নজরুল সঙ্গীত। ইজিপশিয়ান, অ্যারাবিক ও ভারতীয় কর্ণাটকি সঙ্গীতের মোহনীয় সুরে রচিত নজরুল সঙ্গীতগুলি পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা। উল্লেখ্য নজরুলের সঙ্গীতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীতের সুর জায়গা করে নিয়েছে আপন মহিমায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হান্নান। তার সঙ্গে যোগ দেন অনেক কূটনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। ওমান সফর সম্পর্কে ফাতেমা দর্শকদের লক্ষ্য করে বলেন, ওমানের বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও জনগন তাকে এতটা মুগ্ধ করেছে যে তিনি ভুলেই গেছেন যে তিনি আসলে অন্য কোন দেশে বেড়াতে এসেছেন। ওমানের স্থানীয় জনগনের সঙ্গে প্রবাসী বাংলাদেশীর চমৎকার সম্পর্ক তাকে মোহিত করেছে বলে জানান তিনি। স্বাগত ভাষনে বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান জানান, মাতৃভুমির স্বাধীনতার জন্য যে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাতেমা তুজ জোহরার প্রসঙ্গে তিনি বলেন, অসাধারণ এই শিল্পী তার পূর্বসূরী বিখ্যাত গায়িকা ফিরোজা বেগমের মত নজরুল সঙ্গীতে জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, "আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও নজরুল সঙ্গীতের ঐশ্বর্যের ব্যাপারে সচেতন করেছেন ফাতেমা। সঙ্গীত তার কাছ উপাসনার মতো। সঙ্গীতের প্রতিভা ও জ্ঞানের সমন্বয় ঘটেছে তার মধ্যে। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মীও।" অনুষ্ঠানটি স্পন্সর ছিল ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, গালফ ওভারসীজ ও রুয়ি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০০২ ঘ