ডিসেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের বাঙালি তারকা বিপাশা বসু প্রথম বারের মতো কোন বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অভিনয় শুরুর পর এ যাবৎ প্রায় অর্ধশত ছবিতে কাজ করলেও বসু পরিবারের কন্যা বিপাশা এখনো কোন বাংলা ছবিতে অভিনয় করেননি। অনেক অলংকার আর জিন্স-মিনিস্কার্টের বদলে এবার শাড়ী পরে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা ছবিতে অভিনয় করবেন এই বঙ্গললনা।
ঋতুপর্ণের ছবির নাম 'সব চরিত্র কাল্পনিক'। এই ছবিতে বিপাশা অনাবাসী বাঙালি রমণীর চরিত্রে অভিনয় করবেন যে তার শিকড়ের সন্ধানে কলকাতায় যায়।
ছবিতে বিপাশার সঙ্গে থাকবেন প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত, সোহাগ সেন ও পৌলী দাম।
২০০৮ সালে গ্রীষ্মে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
দিল্লিতে জন্মগ্রহণ করলেও বঙ্গললনা বিপাশার জীবনের সিংহভাগ সময় কেটেছে কলকাতায়। শৈশবে ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলেও পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে ফোর্ড সুপারমডেলস কনটেস্টে শিরোপা লাভ করে সকলের নজর কাড়েন। ২০০১ সালে 'আজনবী' ছবি দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। ২০০৩ সালে 'জিসম' ছবির মাধ্যমে তিনি আলোচিত হয়ে ওঠেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯৫৯ ঘ
bdnews24