ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --তরুণরা যে কনসার্টের নামে পাগল তা প্রমাণ হল আরেকবার। রাজধানী ঢাকায় ঈদের আমেজ এখনো কাটেনি পুরোপুরি। রাস্তাঘাট স্বাভাবিকের চেয়ে ফাঁকাই এখনো। কিন্তু কলাবাগান মাঠে শুক্রবারের ওয়ারিদ কলার টিউনস কনসার্টের দর্শকসংখ্যা দেখে তা বোঝার জো ছিল না।
দুপুর আড়াইটায় কনসার্ট মাঠের গেট খোলার কথা থাকলেও তার অনেক আগে থেকেই মাঠের বাইরে জমতে থাকে গানপাগল তরুন-তরুনীদের ভিড় । কাটায় কাটায় ২টা ৩০ মিনিটে গেট খুলে দেওয়া হলে লাইন বেধে মাঠে প্রবেশ করে দর্শক-শ্রোতারা ।
কনসার্টের শুরুতেই মঞ্চে আসে ডি-রকস্টারখ্যাত ব্যান্ডদল 'রেডিও অ্যাকটিভ'। এরপরের ব্যান্ডদল 'ব্ল্যাক'। তারপর একে একে তাদের সেরা গানগুলো গান মিলা, ফুয়াদ ও সুমন। এদের পরই মঞ্চে আসেন 'নগর বাউল'-এর জেমস। 'আমি তোমার দিওয়ানা, আমি তোমার মাস্তানা' আর হিন্দি 'ভিগি ভিগি'সহ পাঁচটি গান পরিবেশন করেন জেমস।
এরপর মঞ্চে আসেন পপ গায়িকা তিশমা। গানের সঙ্গে চমকপ্রদ কোরিওগ্রাফের মাধ্যমে তিনি দর্শকদের মাতিয়ে তোলেন। এরপর নিজের জনপ্রিয় গানগুলো নিয়ে হাজির হন হায়দার হোসেন ।
কনসার্টের সর্বশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ডদল 'এলআরবি'-র পরিবেশনা। 'মেয়ে' দিয়ে শুরু করে একে একে পাঁচটি গান পরিবেশন করেন এলআরবি-র আইয়ুব বাচ্চু ।
বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/এসকে/২২২৬ঘ.
bdnews24