ডিসেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘদিন অসুস্থ থাকার পর বলিউডের বিখ্যাত চলচ্চিত্রকার ও 'শোলে' ছবির প্রযোজক জি পি সিপ্পি মঙ্গলবার রাত ১০টার দিকে মুম্বাইয়ের এক হাসপাতালে মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সিপ্পির পরিবার থেকে জানান হয়, বার্ধক্যজনিত নানা ব্যাধিতে বেশ কয়েকমাস ধরে ভুগছিলেন এই বিখ্যাত চলচ্চিত্রকার।
১৯৭৫ সালে তার ব্লকবাস্টার ছবি 'শোলে'র সুবাদে বিখ্যাত হয়ে ওঠেন জি পি সিপ্পি। ছবিটি পরিচালনা করেন তার ছেলে রমেশ সিপ্পি।
এক ধনাঢ্য সিন্ধি পরিবারের ছেলে জিপি সিপ্পি ১৯১৪ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পুরো নাম গোপালদাস প্রেমচাদ সিপ্পি।
চলচ্চিত্রে সিপ্পি ক্যারিয়ার শুরু করেন ১৯৫১ সালে 'সাজা' ছবির মাধ্যমে। ১৯৫৫ সালে 'ম্যারিন ড্রাইভ' ছবির মাধ্যমে বলিউডে পরিচিত হয়ে ওঠে তার নাম। একই বছর তিনি 'আদল-ই-জাহাঙ্গীর' ছবিটি তৈরি করেন যেখানে অভিনয় করেন প্রদীপ কুমার, মীনা কুমারী ও দুর্গা খোটের মতো খ্যাতিমান তারকারা।
তার পরিচালিত অন্যান্য ছবির মধ্যে আছে 'মিস্টার ইন্ডিয়া', 'ভাই বহেন', 'শ্রীমতি ৪২০' ইত্যাদি।
গত শতকের '৫০ ও '৬০ এর দশকে সিপ্পি একের পর হিট ছবি উপহার দিতে থাকেন যার মধ্যে রয়েছে 'লাইট হাউজ', 'আন্দাজ' ইত্যাদি।
১৯৭২ সালে ছেলে রমেশ সিপ্পির সঙ্গে মিলে তিনি তৈরি করেন 'সীতা আউর গীতা' ছবিটি।
সিপ্পির ম্যাগনাম ওপাস 'শোলে' তৈরি হয় ১৯৭৫ সালে। এ ছবিতে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমার, হেমা মালীনি ও আমজাদ খান অভিনয় করেন।
জিপি সিপ্পি প্রযোজিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'শান', 'সাগর' 'রাজু বন গ্যায়া জেন্টেলম্যান', 'বাল ব্রম্মচারী', 'আতিশ', 'জমানা দিওয়ানা' ইত্যাদি।
সিপ্পি প্রযোজিত সর্বশেষ ছবি 'হামেশা' মুক্তি পায় ১৯৯৭ সালে।
ফিল্ম অ্যান্ড টিভি প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৮ ও ১৯৮২ সালে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯০৯ ঘ
bdnews24