ডিসেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২০০৭ সালের আনন্দলোক পুরস্কার পেলেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও বিদ্যা বালান। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'চাক দে ইন্ডিয়া' ছবিতে অভিনয়ের জন্য শাহরুখ ও 'ভুল ভুলাইয়া' ছবিতে অভিনয়ের জন্য বিদ্যা বালান যথাক্রমে সেরা পুরুষ অভিনেতা ও সেরা নারী অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কৃত হন। 'চাক দে ইন্ডিয়া' ছবির পরিচালক শিমিত আমিন সেরা পরিচালকের পুরস্কার পান।
বিদ্যা বালান এবার নিয়ে দ্বিতীয় বার আনন্দলোক পুরস্কার পেলেন। এর আগে ২০০৩ সালে 'ভালো থেকো' ছবিতে অভিনয়ের জন্যও তিনি আনন্দলোক পুরস্কার লাভ করেন।
বিদ্যা বালান বলেন, "পরিণীতা' ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগতার পুরস্কার পাওয়ার আগেই আমি আনন্দলোক পুরস্কার লাভ করি। এটা ছিল আমার ক্যারিয়ারের প্রথম পুরস্কার। বাংলা চলচ্চিত্র শিল্প বরাবরই আমার প্রতি সহৃদয় আচরণ দেখিয়েছে। দ্বিতীয় বারের মতো আনন্দলোক পুরস্কার লাভ একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে অনেক বড় পাওয়া।"
প্রতি বছর কলকাতার আনন্দবাজার পাবলিশার্স এর বিনোদন সাময়ীকি আনন্দলোক এই পুরস্কার দিয়ে থাকে।
বিদ্যা অভিনীত 'হল্লা বোল' ছবিটি আগামী বছর ১১ জানুয়ারি মুক্তি পাবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৬০৬ ঘ
bdnews24