ডিসেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের খ্যাতিমান লেখক এবং পরিচালক সাঈদ মির্জা বেশ কিছু দিন পরিচালনা থেকে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন। তবে তিনি আবার চলচ্চিত্র পরিচালনায় আসার সিদ্ধান্ত নিয়েছেন। রজত কাপুরের একটি চলচ্চিত্রের মাধ্যমে ফের পরিচালনায় আসবেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সাঈদ মীর্জার ছবির নামগুলি ভিন্ন রকমের। 'অরবিন্দ দেশাই কি আজীব দস্তান', 'আলবার্ট পিন্টু কা গোসসা কিঁউ আতা হ্যায়', 'মোহন যোশী হাজির হো', 'নাসিম' ইত্যাদি চলচ্চিত্রের লেখক ও পরিচালক সাঈদ মির্জার পুরো নাম সাঈদ আখতার মীর্জা। 'নাসিম' ছবির জন্য তিনি ১৯৯৬ সালে ২টা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পান।
চলচ্চিত্র ছাড়া টেলিভিশনেও তিনি বেশ কিছু কাজ করেছেন। মীর্জা পরিচালিত 'ইন্তেজার' টিভি সিরিয়াল সমালোচকদের নজর কাড়ে।
তবে দীর্ঘ দিন ধরে তিনি ছবি পরিচালনার বাইরে ছিলেন। 'নয়া দৌড়', 'ওয়াক্ত' এর মতো ছবির লেখক আখতার মীর্জার এই ছেলে বর্তমানে সময় কাটান ভ্রমণ এবং লেখালেখি করে।
মীর্জা জানান, "আমার ধারনা, প্রযোজক রজত কাপুর একজন অত্যন্ত ভালো মানুষ, আমি তাকে পছন্দ করি। আর এই কারণেই আমার ভ্রমণ আর বই লেখার ব্যস্ততার মাঝেও তার জন্য একটি ছবি পরিচালনা করব।"
তিনি আরও জানান, "যে ছবিটি আমি করব সেটি মুম্বাই এবং এই শহরের মানুষকে কেন্দ্র করে নির্মিত হবে। এখনো ছবির কোন শিরোনাম দেয়া হয়নি।"
ছবির চিত্রনাট্য লিখেছেন সাঈদ মির্জা নিজেই। তবে এই ছবির সংলাপ তিনি লিখছেন না। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই ছবিটির কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/এমআইআর/২০৫৩ ঘ
bdnews24