ডিসেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মঙ্গলবার শাহরুখ খানের কাছে ২ কোটি ভারতীয় রূপী দাবি করেছে মুম্বাইয়ের একটি সন্ত্রাসী দল। খবর ভারতীয় ওয়েবসাইটের।
একসময় বলিউড তারকাদের কাছ থেকে অর্থ দাবি করত অপরাধ চক্রের হোত আবু সালেম। কিন্তু এবার শাহরুখ খানের কাছে টাকা চেয়েছে বান্টি পান্ডে নামের এক সন্ত্রাসী। বান্টি বার বার শাহরুখকে ফোন করে ২ কোটি ভারতীয় রূপী দাবি করেন। এমনকি বান্টির ৬জন সাগরেদ শাহরুখের সঙ্গে এ ব্যাপারে দেখা করেছে।
শাহরুখ খান দেরি না করে এ ব্যাপারে পুলিশের অ্যান্টি- টেরোরিস্ট (এটিএস) স্কোয়াডকে জানিয়েছেন। এটিসির একটি সূত্র জানায়, ভারতের ক্রাইম ব্রাঞ্চ ও এটিএস বর্তমানে এই অপরাধচক্রকে ধরতে চেষ্টা করছে। পাশাপাশি শাহরুখের বাংলো 'মান্নতে' নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শাহরুখ খান এ ব্যাপারে এখনো কোন মন্তব্য করেননি। এবং তার মুখপাত্র এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।
এর আগেও শাহরুখ অপরাধীচক্রের টার্গেটে পরিণত হয়েছেন। 'দিল তো পাগল হ্যায়' ছবির শুটিং চলাকালে তিনি আবু সালেমের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। আবু সালেম তার পরিচিত একটি দলের নির্মিত একটি ছবিতে শাহররুখকে অভিনয় করতে বলেছিলেন। কিন্তু শাহরুখ খান তা প্রত্যাখান করেন।
বান্টি পান্ডে এর আগে সন্ত্রাসী ছোটা রাজনের সঙ্গে কাজ করত। পরে সে ভারত নেপালী এবং অজয় মহিতের সঙ্গে মিলে নিজেই একটি অপরাধীচক্র গড়ে তোলে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭৫৭ ঘ
bdnews24