ডিসেম্বর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদ উপলক্ষে বাজারে আসছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল এলআরবির ১১তম অ্যালবাম। অ্যালবামের নাম 'স্পর্শ'। অ্যালবামটি বাজারজাত করছে বেঙ্গল মিউজিক।
অ্যালবামে মোট দশটি গান থাকছে। সবগুলি গানের কথা লিখেছেন সাজ্জাদ হুসাইন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এলআরবি ব্যান্ডের সদস্যরা।
অ্যালবামটি রক এবং মেলোডিনির্ভর গান দিয়ে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে 'প্রিন্সেস হেলেনা', 'আষাঢ়-শ্রাবণ', 'ঝড়', 'সংশয়', 'স্পর্শ', 'বেদনা', 'সাবিত্রী রাই' ইত্যাদি শিরোনামের গান।
অ্যালবাম সম্পর্কে এলআরবি'র ভোকালিস্ট ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু বলেন, "আমি সবসময় নতুনত্বে বিশ্বাস করি। এই অ্যালবামের গানগুলি নতুন ঢং-এ সাজানো। তবে এর মাঝেও শ্রোতারা এলআরবি'র পুরনো স্বাদ কিছুটা পাবেন বলে আমি মনে করি।"
দীর্ঘ দুই বছর পর বাজারে আসছে এলআরবি'র নতুন এই অ্যালবাম। সর্বশেষ ২০০৫ সালে 'মনে আছে নাকি নাই?' নামে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল।
দীর্ঘ বিরতি প্রসঙ্গে বাচ্চু বলেন, "আমরা যেন তেন ভাবে গান করে প্রতি মাসে একটি করে অ্যালবাম প্রকাশ করতে পারি না। আমরা শ্রোতাদের কথা মাথায় রেখে তারপর গান করি। ফলে সময় আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। দুই বছর ধরে আমরা ভাল একটি অ্যালবাম শ্রোতাদের উপহার দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৩৩৯ ঘ
bdnews24