ডিসেম্বর ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় সিরিয়াল 'কিউ কি সাস ভি কাভি কাভি বহু থি' অনেকাংশেই এর জনপ্রিয়তা হারিয়েছে। সিরিয়ালটিতে স্মৃতি ইরানীর অনুপস্থিতিকেই কারণ হিসেবে মনে করা হচ্ছে। একতা কাপুর স্মৃতিকে তাই এই সিরিয়ালে আবার ফিরিয়ে আনতে চান। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ প্রসঙ্গে বালাজি টেলিফিল্মের ক্রিয়েটিভ প্রধান একতা জানান, "স্মৃতি সময় দিলে আমি তাকে ফিরিয়ে আনবো। কিন্তু সে এখন দুটো সিরিয়ালে কাজ করছে। এক্ষেত্রে তৃতীয় আরেকটা সিরিয়ালে কাজ করা তার জন্য কঠিন।"
স্মৃতি ইরানি 'কিউ কি সাস ভি কাভি কাভি বহু থি' সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তারকা হিসেবে সবার নজরে আসেন। কিন্তু ব্যক্তিত্বের সংঘাতের কারণে একতা কাপুর তাকে এই সিরিয়ালে বউ চরিত্র থেকে বাদ দিয়ে দেন।
এদিকে স্মৃতি ইরানি জানান, "আমি নিজের ইচ্ছায় এই সিরিয়ালে ফিরে যাব না। কিন্তু কখনো যদি তারা আমাকে ডাকে তাহলে আমি ফিরে যেতেই পছন্দ করবো।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/১৪৫২ ঘ.
bdnews24