নভেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গত বছর মুম্বাইয়ে একটি ট্রেনে বোমা হামলায় ১৮৭ জন মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল আরও অনেকে। এই ভয়াবহ বোমা হামলা নিয়ে এবার পরিচালক নিশিকান্ত কামাত নির্মাণ করছেন 'মুম্বাই মেরি জান'। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ছবিতে একজন মহিলা সাংবাদিকের দৃষ্টিতে এই ভয়াবহ ঘটনা বর্ণনা করা হবে। সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোহা আলী খান। তিনি জানান, "বোমা হামলার সময়ে এবং তারপরে আসলে কী ঘটেছিল সেটা নিয়েই এর কাহিনী।"
তিনি আরো জানান, "এখানে দর্শকদের ঘটনার ভয়াবহতা নয় বরং এর মর্মান্তিক ফলাফল দেখান হয়েছে।"
গত বছর জুলাইয়ে মাত্র ১৫ মিনিটে সাতটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বোমা হামলার জন্য পাকিস্থান ভিত্তিক ভারতের একটি ইসলামিক জঙ্গি সংগঠন জড়িত বলে অভিযোগ করা হয়েছিল।
'মুম্বাই মেরি জান' আগামী বছর ফেব্র"য়ারিতে মুক্তি পাবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬২৬ ঘ
bdnews24