নভেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবার যে কোন দিন ওয়ার্ল্ড ট্যুর শুরু করবেন বলিউড তারকা অমিতাভ ও অভিষেক বচ্চন। ধারণা করা হচ্ছে 'ওয়ান অ্যামেইজিং নাইট' শিরোনামের যে ওয়ার্ল্ড ট্যুর শুরু করছেন এই বাপ- বেটা তা বিনোদন জগতে বেশ সাড়া ফেলবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, "আমাদের এই ট্যুরে আমরা একগুচ্ছ ওয়ার্ল্ড কনসার্টের পরিকল্পনা করেছি। কনসার্টগুলোর জন্য আমরা বেছে নিয়েছি ২০০৮ সালের গ্রীষ্মকে। এসব কনসার্টে আমাদের দুজনের সঙ্গে হিন্দি চলচ্চিত্রের অন্যান্য তারকাও থাকবেন।"
তিনি আরও জানান, "আমি অনেক আগে ওয়ার্ল্ড ট্যুর করেছি। ১৯৭০ এর দশকে এটা একটা ফ্যাশনের মত হয়ে গিয়েছিল। সে সময় আমি ও জয়া সঙ্গীত পরিচালক কল্যানজী -আনন্দজী সঙ্গে এক মঞ্চে কাজ করেছি। আমরা সে সময় 'মেরে অঙ্গনে মে তুমহারা কেয়া কাম হ্যায়' গানটি সবজায়গায় গাইতাম।"
অমিতাভের জন্য নতুন কিছু না হলেও অভিষেকের জন্য এটাই প্রথম ওয়ার্ল্ড ট্যুর। তাদের সঙ্গে অমিতাভের এবি কপোরেশেন জড়িত আছে বলে জানিয়েছেন বচ্চন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮৩৬ ঘ
bdnews24