নভেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'প্রিয়তমেষু' ছবির মাধ্যমে ভিডিও ফরম্যাটে ফিরে যাওয়ার ঘোষণা দিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। সোমবার ছবিটির মহরত অনুষ্ঠানে এই ঘোষণা দিয়ে মোরশেদ মন্তব্য করেন যে, স্বল্প ব্যায়ের ভিডিও ফরম্যাটে কাজ করলে প্রযোজক লগ্নির টাকা ফিরে পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় মহরত হয় 'প্রিয়তমেষু' চলচ্চিত্রের। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকতুল্লাহ মারুফের চিত্রনাট্য নিয়ে মোরশেদুল ইসলাম পরিচালনা করছেন ছবিটি। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার সাঈদ আহমেদ, জাদুশিল্পী জুয়েল আইচ, নির্মাতা তারেক মাসুদ, সাইদুল আনাম টুটুল, অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং এই ছবির অভিনয় শিল্পী তৌকির আহমেদ, আফসানা মিমি, সোহানা সাবা, মাসুদ আলী খান প্রমুখ।
মোরশেদুল ইসলাম বলেন, "এই ছবিটি ভিডিও ফরম্যাটে নির্মাণ করা হবে। বাজেট বিশ লাখ টাকা। এই ছবির মাধ্যমে আমার প্রথম জীবনের ভিডিও ফরম্যাটের নির্মাণে ফিরে যেতে চাই আমি। আশা করছি এখন থেকে কম খরচে ভিডিও ফরম্যাটেই ছবি নির্মাণের প্রচলন শুরু হবে। কারণ এতে প্রযোজক সহজেই তাঁর লগ্নিকৃত অর্থ ফেরত পাবার নিশ্চয়তা পায়।"
ছবি নির্মাণ নিয়ে জটিলতা প্রসঙ্গে পরিচালক বলেন, "ছবিটি অনুমতি ছাড়া নির্মাণ হচ্ছে - প্রথমদিকে এরকম একটি বিভ্রান্তি ছড়িয়ে ছিল। এটা হয়েছিল ভুল বোঝাবুঝির কারণে। হূমায়ূন আহমেদ সাগ্রহে এই ছবি নির্মাণের অনুমতি দিয়েছেন।"
চলচ্চিত্রটির ভিডিও ফরম্যাটে নির্মাণ প্রসঙ্গে তারেক মাসুদ বলেন, "শিল্পীর যেমন জাত নেই তেমনি শিল্পেরও কোনো ফরম্যাট নেই। মোরশেদ একজন পাইওনিয়ার নির্মাতা। ফরম্যাট নয়, তার কাজের মানের উপর ভিত্তি করেই ছবি শিল্পের মর্যাদা পাবে।"
তারেক মাসুদের কথার সুত্র ধরে তৌকির আহমেদ বলেন, "আইডিয়া ও বিষয়বস্তু ঠিক থাকলে ফরম্যাট কোনো বিষয় না। আমি আশা করছি এই অল্টারনেট ফিল্মই একসময় মেইনস্ট্রিম হবে।"
অভিনেত্রী আফসানা মিমি বলেন, "আমি খুব আগ্রহ নিয়ে স্ক্রিপ্টটা পড়েছিলাম। আমার স্ক্রিপ্ট খুব ভালো লেগেছে। ছবিটা ভালো হোক আমি এই কামনা করি।"
সোহানা সাবা বলেন, "এই ছবিতে আমি একটি বাচ্চার মায়ের চরিত্রে অভিনয় করছি। চ্যালেঞ্জিং একটা ক্যারেকটার। আশা করছি সবার সহযোগিতায় ভালো করতে পারবো।"
সমাপনী বক্তব্যে নাট্যকার সাইদ আহমেদ বলেন, "মোরশেদ আমার স্নেহভাজন। সে একজন কাজের লোক। আশা করছি তাঁর এই কাজটিও অনেক ভালো হবে।"
আগামী ২ ডিসেম্বর ছবির শুটিং শুরু হবে। ছবির প্রধান দুটি চরিত্র জহির ও নিষাদ এর ভূমিকায় অভিনয় করবেন তৌকির আহমেদ ও আফসানা মিমি।
ছবির কাহিনী আবর্তিত হয়েছে প্রতিবেশী দুটি পরিবারকে কেন্দ্র করে। এক পরিবারের বউ হঠাৎ তার স্বামীর বন্ধু দ্বারা ধর্ষিত হয়। পরে পাশের পরিবারের মেয়েটি ধর্ষিতা মেয়েটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
তৌকির-মিমি ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করবেন আরমান পারভেজ মুরাদ, সোহানা সাবা, গাজী রাকায়েত, দিতি, দিলারা জামান, সালেহ আহমেদ, আবুল কাসেম, মাসুদ আলী খান, কমল ঘোষ এবং একটি বিশেষ চরিত্রে হুমায়ুন ফরিদী।
ছবিতে কামরুজ্জামান কামুর লেখা একটি গানে সুর, সঙ্গীত ও কন্ঠ দিবেন হাবিব। ছবিটি প্রযোজনা করছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
প্রথম থেকেই 'প্রিয়তমেষ'ু ছবির নির্মাণ নিয়ে জটিলতা চলছিল। প্রথমদিকে হুমায়ূন আহমেদের অনুমতি ছাড়াই ছবি নির্মাণের অভিযোগ উঠেছিল। এরপর প্রধান দুই চরিত্রে মাহফুজ ও অপি'র অভিনয়ের কথা থাকলেও পরে এই দুই তারকা অভিনয় করতে অসম্মতি জানান। এরপর নেয়া হয়েছিল রিয়াজ-শাবনূরকে। কিন্তু অজ্ঞাত কারণে রিয়াজ-শাবনূরের সঙ্গেও শিডিউল মেলেনি। পরে তৌকির আহমেদ ও আফসানা মিমিকে প্রধান দুই চরিত্রে নেয়া হয়।
এই চলচ্চিত্রের মাধ্যমে তৌকির-মিমি দ্বিতীয় বারের মতো জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করছেন। এর আগে 'চিত্রা নদীর পাড়ে'ত চলচ্চিত্রে তার অভিনয় করেছিলেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৮৪৩ ঘ
bdnews24