নভেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গত বছর ভারতের জনপ্রিয় শিল্পী আশা ভোঁসলের সঙ্গে 'ইউ আর দি ওয়ান ফর মি' গানটি গাওয়ার পর চাউর হয়েছিল ব্রেট লীর বলিউডে অভিষেকের কথা। সোমবার ভারতীয় এক ওয়েবসাইট জানায়, সব জল্পনার অবসান ঘটিয়ে এই অস্ট্রেলিয় ক্রিকেটার আগামী বছরই ভারতে আসবেন শুটিংয়ের। ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করবেন তিনি। লী'র এজেন্ট নিশ্চিত করেছেন এ খবর।
অস্ট্রেলিয় ক্রিকেটার ও রক শিল্পী ব্রেট লী বলিউডের যে ছবিতে অভিনয় করবেন তার নাম 'ভিক্টরি'। ছবি সম্পর্কে এর বেশি কিছু জানায়নি ওয়েবসাইটটি।
লী'র এজেন্ট এবং প্রাক্তন ক্রিকেটার নেইল ম্যাক্সওয়েল বলেন, "নিঃসন্দেহে ব্রেট অস্ট্রেলিয়ার সবচেয়ে দামী খেলোয়াড়দের একজন। অস্ট্রেলিয় এই তারকা চাইলেই নিজেকে বানিজ্যে জড়াতে পারেন এবং অনেক অর্থ কামাতে পারেন। কিন্তু ভারতীয় বিনোদন শিল্পের মাধ্যমে বিশ্বজনীন পরিচিতি পাওয়া তার জন্য অনেক সহজ হবে।"
ভারতে ব্রেট লীর রয়েছে বিশাল ভক্তগোষ্ঠী। কাজেই কোন রকম অস্বস্তিবোধ না করেই বলিউডের ছবিতে অভিনয়ে আগ্রহ দেখিয়েছেন তিনি।
ব্রেট লীর ম্যানেজার বলেন, " ব্রেট লীর ফর্সা, সুন্দর চেহারার একটা আবেদন আছে। ব্রেটের আরেকটি ভাল দিক হচ্ছে নিজের ব্যক্তিত্ব তুলে ধরতে পারা।"
অস্ট্রেলিয় রক ব্যান্ড সিক্স এন্ড আউট এর সদস্য ব্রেট লী। তার ভাই শেন ও সাবেক নিউ সাউথ ওয়েলস এর ক্রিকেটার ব্রাড ম্যাকনামারা, গেভিন রবার্টসন ও রিচার্ড চী কুই মিলে এই ব্যান্ড দলটি গঠন করেন। লী এই ব্যান্ডে বেজ গিটার বা অ্যাকুস্টিক গিটার বাজান।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৯১৮ ঘ
bdnews24