নভেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'সারেং বৌ', 'দুই জীবন', 'এখনই সময়', 'সখী তুমি কার' এর মতন জনপ্রিয় সব ছবির নির্মাতা আব্দুল্লাহ আল মামুন এবার আসছেন তার নতুন ছবি 'দরিয়া পাড়ের দৌলতি' নিয়ে। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ২৩ নভেম্বর শুক্রবার।
ছবির কাহিনী আবর্তিত হয়েছে অসহায় খেটে খাওয়া সংগ্রামী নারী দৌলতি এবং দরিয়া পাড়ের ছিন্নমূল আশ্রয়হারা মানুষগুলোর জীবনসংগ্রামকে কেন্দ্র করে।
ছবির কেন্দ্রীয় চরিত্র দৌলতির ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। ছবির অন্য দুটি প্রধান চরিত্রে রয়েছেন নায়ক মান্না ও জনপ্রিয় চরিত্রাভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
ছবিটি এটিএনের মাল্টিমিডিয়া প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে।
ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী পপি জানান, "এটি আমার স্বপ্নের একটি চরিত্র। এ ছবিতে আমাকে অন্যরকম ভূমিকায় দেখতে পাবেন দর্শক। মামুন ভাইয়ের ছবিতে অভিনয় করাটাও আমার অনেক বড় প্রাপ্তি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০৯ ঘ
bdnews24