নভেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আমেরিকা ও কানাডার ৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'সাওয়ারিয়া'। আমেরিকার অনেক পত্রিকায় ছবিটি নিয়ে পর্যালোচনা ছাপা হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'সাওয়ারিয়া' হচ্ছে প্রথম বলিউডের ছবি যেটার সহ-প্রযোজনা ও বিপণনের সঙ্গে হলিউডের একটি নামকরা স্টুডিও জড়িত। ধারণা করা হচ্ছে এ কারণেই ছবিটি আমেরিকা ও কানাডার এতগুলি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ও এটা নিয়ে আলোচনা হচ্ছে।
'সাওয়ারিয়া' ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন সঞ্জয় লীলা বনসালী এবং সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট।
শুক্রবার আমেরিকার বিখ্যাত দৈনিক দি নিউ ইয়র্ক টাইমসের মুভি রিভিউ বিভাগে 'সাওয়ারিয়া' ছবির রিভিউ বা পর্যালোচনা মূল রচনা হিসেবে ছাপা হয়েছে। এই পত্রিকার স্বনামধন্য চলচ্চিত্র সমালোচক এ ও স্কট ছবিটির পর্যালোচনা করেছেন।
স্কট লিখেছেন, "ভারতীয় সংগীত নির্ভর ছবির ভক্তদের কান ও চোখের জন্য এই ছবিটি অনেকটা ক্যান্ডির মত। দুই ঘন্টা ১১ মিনিটের এই ছবিটিতে চমৎকার সেট, রঙবেরঙের পোশাক পরিচ্ছদ, কোমর দুলানো নাচ এবং ১০টি বেদনাবিধুর গান বলিউড চলচ্চিত্রের মানকে শক্ত ভিত্তি দিয়েছে।"
কোমর দোলানো নাচ ও মৃদু যৌনতার কারণে ছবিটিকে পিজি রেটেড (প্যারেন্টাল গাইডেন্স সাজেস্টেড) বলে উল্লেখ করেন তিনি।
এদিকে 'দ্য লস এঞ্জলস টাইমস' তাদের মুভি রিভিউ বিভাগে চিত্র সমালোচনার শিরোনাম দিয়েছে 'বলিউড গ্রেস- ইন এ ক্রেজি ওয়ে'। এখানে সমালোচক ছবিটি 'উদ্ভট' বলে উল্লেখ করেছেন। অবশ্য তারা বনসালীর ছবি নির্মাণ কৌশলের প্রশংসা করেন।
নিউইয়র্ক পোস্ট 'বলিউড ফ্লিক, হলিউড ফলি' শিরোনামে একটি লেখা ছাপে। সেখানে এমন মন্তব্যও করা হয়েছে যে, কীভাবে এটা ভালো ছবি হয় যেটা দেখতে এতটা বিরক্তি আসে।
পাশাপশি তারা সনি পিকচার্সকেও দোষারোপ করেছে এই বলে যে, হলিউডের আসলে বিরক্তিকর স্বভাব - সবাইকে খুশি করার। ফলাফলে আসলে তারা কাউকেই খুশি করতে পারে না।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২০০৬ ঘ
bdnews24