নভেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঙ্গীতাঙ্গনে দীর্ঘ দিন থাকলেও এই প্রথমবার একই ফিতায় বন্দী হচ্ছেন কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও বেবী নাজনীন। নির্মিতব্য নতুন এক দ্বৈত অ্যালবামে একসঙ্গে আসছেন তারা।
নাম ঠিক না হওয়া এ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। যার মধ্যে দুটি লোক গানও রয়েছে। ১০টি গানের ৬টি গান দ্বৈতকন্ঠে আর বাকী ৪টি দু'জনের একক গান।
সবগুলো গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুরারোপ করেছেন আহমেদ কিসলু। ইতিমধ্যে গানের কথা ও সুর রচনার কাজ শেষ হয়েছে। এ সপ্তাহে শুরু হবে রেকর্ডিং।
আসন্ন কোরবানির ঈদে জনপ্রিয় শিল্পীদ্বয়ের দ্বৈত এ অ্যালবাম বাজারে আসবে।
এন্ডু কিশোরের সঙ্গে প্রথমবার এক অ্যালবামে গান গাওয়া প্রসঙ্গে বেবী নাজনীন জানান, "আমি দাদার সঙ্গে স্টেজ শো ও প্লেব্যাক করেছি। কিন্তু দ্বৈত অ্যালবাম এই প্রথম। আশা করছি, শ্রোতাদের একটি ভাল ও ভিন্নধর্মী ক্যাসেট উপহার দিতে পারব।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৪০২ ঘ
bdnews24