নভেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'মিলি' সিরিয়ালের মিলি চরিত্রের জনপ্রিয় অভিনেত্রী মোনা বাসু আবার হাজির হচ্ছেন মিনি পর্দায়। ভারতীয় টিভি সিরিয়ালের দর্শকদের পরিচিত মুখ ২২ বছর বয়সী এই তারকাকে 'মিলি' সিরিয়ালের পর আর দেখা যায়নি টিভি পর্দায়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
নতুন একটি চ্যানেলে মোনা বাসুকে আবার দেখা যাবে 'জমেগিজোড়িডটকম' নামক নতুন সিরিয়ালের প্রধান নারী চরিত্রে ।
মোনা তার ফিরে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মজা করে বলেন, "মিলি সিরিয়ালটি থেকে আয় করা সমস্ত অর্থই খরচ করে ফেলেছি। ফলে এখন আবার কাজে ফিরতে হচ্ছে।"
আগের সিরিয়ালে শাড়ি না পড়লেও এবার মোনা বাসু শাড়ি পরেই হাজির হবেন পর্দায়। মোনা জানান, "যখন চরিত্রটির জন্য অডিশন দিয়েছিলাম তখনই এর কাহিনী আমার পছন্দ হয়েছে। মাসখানেক আগে শুটিংও শুরু হয়েছে। আমি সিরিয়ালের প্রতিটি বিষয় উপভোগ করছি। মিলি থেকে এই চরিত্রটি একেবারেই ভিন্ন।"
মোনা বলেন, "এটি একটি মজার সিরিজ। সিরিয়ালটিতে আমি মিহির মিশ্রর বিপরীতে জুটি হয়ে কাজ করেছি। সিরিজে আমি এবং মিহির একে অপরকে অপছন্দ করি। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।"
'জমেগিজোড়িডটকম' ছাড়াও মোনা বাসু অন্য একটি সিরিয়ালে চুক্তিবদ্ধ হয়েছেন যেটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মোনা বলেন , "যথাসময়ে আমি এটি নিয়ে কথা বলবো।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৩৫৮ ঘ
bdnews24