নভেম্বর ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'শুভেচ্ছা'র উপস্থাপক ডাক্তার আব্দুর নূর তুষার এবার আসছেন নতুন পরিচয়ে। উপস্থাপক হিসেবে নয়, এবার দর্শক তাকে পাবেন মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে। ম্যাগাজিন ও কুইজ অনুষ্ঠান নির্মাণ করলেও গানের অনুষ্ঠান নির্মাণে এবারই তিনি প্রথম।
তুষার জানান, মিউজিক ভিডিওতে থাকবে দেশবরেণ্য তারকা শিল্পীদের গান। তবে শিল্পীদের নাম প্রকাশ করেননি তিনি। আগামী সপ্তাহ থেকে নতুন এ গানের অনুষ্ঠানের কাজ শুরু করবেন বলে জানান তুষার।
নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এটি নির্মাণ করছেন তিনি। আগামী ঈদের অনুষ্ঠানমালায় অনুষ্ঠানটি প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল এনটিভি।
এ প্রসঙ্গে আব্দুর নূর তুষার জানান, "এটি হবে আমার পরীক্ষামূলক একটি কাজ। প্রচলিত মিউজিক ভিডিওর আদলে এটা নির্মিত হবে না। এর মধ্যে অন্যরকম বৈচিত্র্য থাকবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮১৫ ঘ
bdnews24