নভেম্বর ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মনিকা আলীর উপন্যাস 'ব্রিক লেন' অবলম্বনে তৈরি চলচ্চিত্র লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো প্রিমিয়ার হয় ২৬ অক্টোবর। প্রদর্শনীর পর ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। খবর ভারতীয় ও বৃটিশ ওয়েবসাইটের।
ছবিটির কাহিনী নাজনীন নামের বাংলাদেশী এক মেয়েকে নিয়ে। ১৭ বছর বয়সে পারিবারিকভাবে আয়োজিত বিয়ের পর ইংল্যান্ডে মেয়েটি চলে আসে। বাংলাদেশ থেকে লন্ডনের কর্মব্যস্ত শহরে এক ফ্লাটবন্দী জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করে সে তার স্থুলকায় স্বামী ও আগের পক্ষের দুই সন্তানের সঙ্গে। পরে করিম নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক হয় তার।
ছবির শেষে বিনম্র শাড়ি পরে ঘুরে বেড়ানো নাজনীন হঠাৎ ঘুরে দাড়ায়, বিদ্রোহী হয়, নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়।
ছবিটি পরিচালনা করেছেন পরিচালক সারাহ গ্যাবরন। ছবি পরিচালনা করতে গিয়ে তিনি মূল উপন্যাস থেকে সরে এসেছেন বলে সমালোচনা করছেন অনেকে।
২০০৩ সালে লেখা উপন্যাসে ইস্ট লন্ডন স্ট্রিটের যে বিবরণ রয়েছে চলচ্চিত্রে তার কোন ছাপ নেই। বদলে ছবির চরিত্রগুলি অনেক মর্মস্পর্শী ও আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়েছে। ছবিটিতে নাজনিনের দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখানো হয়েছে।
ছবিতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার প্রেক্ষিতে ইসলামী মৌলবাদের উত্থান ও পশ্চিমের দেশগুলোতে মুসলমানদের কোনঠাসা হয়ে পরার বিষয়টিও দেখানো হয়।
'ব্রিক লেন' এর চিত্রায়ন গত বছর ইস্ট লন্ডনে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে উত্তেজনা তৈরি করে। ২০০৬ সালের জুলাই মাসে বৃটেনে বসবাসরত শতাধিক বাংলাদেশী লন্ডনের বাংলাটাউন ব্রিকলেনে সভা সমাবেশ করে। বাংলাদেশীদের মূর্খ হিসেবে উপস্থাপন করা ও ধর্মকে অবমাননার অভিযোগ এনে তারা বইটি পুড়িয়ে ফেলার হুমকি দেয়।
লন্ডনে চলচ্চিত্র উৎসবে পরিচালক অবশ্য বলেন, "এরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি দল। অভিবাসী বাংলাদেশীদের সঙ্গে এদের কোন যোগ নেই।"
ওই সমাবেশের প্রেক্ষিতে আরো বিক্ষোভের আশংকায় প্রিন্স চার্লস ২৯ অক্টোবর আয়োজিত ছবিটির রয়াল পারফরম্যান্স এর উদ্যোগ বাতিল করে দেন। রাজ পরিবার থেকে এ জন্য সরাসরি কোন কারণ উল্লেখ না করলেও ধারণা করা হয় রুশদিকে নাইটহুড দেওয়ার পরে যে গোলযোগ হয় সেরকম কোন পরিস্থিতি এড়ানোর জন্যই এ সতর্কতা।
বৃটেনে প্রায় সাড়ে ৩ লাখ বাংলাদেশী বসবাস করে।
'ব্রিক লেন' সারাহ গ্যাবরনের প্রথম ছবি। ছবিটিতে নাজনীনের ভুমিকায় অভিনয় করেছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি।
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের 'ডেব্যু ফিল্ম ডিরেক্টর' ক্যাটাগরিতে দেখানো হয় ছবিটি। বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্রকার অমল পালেকরের নেতৃত্বে তিন সদস্যের একটি জুরি বোর্ড এই ক্যাটাগরির বিজয়ীকে নির্বাচিত করবেন। বিজয়ী পরিচালক একটি ট্রফির সঙ্গে ১ লাখ রুপি পুরস্কার পাবেন।
নভেম্বরের ১৬ তারিখে বৃটেনের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে। ইতিমধ্যে ছবিটি ফ্রান্সের এক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। তবে ইউরোপে এখনো ছবিটি মুক্তি দেওয়ার তারিখ নির্ধাতি হয়নি।
এশিয়ার দেশগুলোতে ছবিটি মুক্তিরও কোন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৫১৯ ঘ
bdnews24