২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক নাটকে আফজাল ও ফরিদী

ধারাবাহিক নাটক 'আমাদের নুরুলহুদা'য় এবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বিনোদন জগতের দুই জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও হুমায়ন ফরিদী। ২৫ নভেম্বর থেকে পূবাইলে তাদের অভিনীত পর্বের শুটিং শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নভেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ধারাবাহিক নাটক 'আমাদের নুরুলহুদা'য় এবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বিনোদন জগতের দুই জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও হুমায়ন ফরিদী। ২৫ নভেম্বর থেকে পূবাইলে তাদের অভিনীত পর্বের শুটিং শুরু হবে। নাটকে তারা বোকা দুই বন্ধুর চরিত্রে অভিনয় করবেন। দুই ঘনিষ্ঠ বন্ধু এতই বোকা যে তারা পৃথিবীর কিছুই বোঝে না। তাদের চালচলন, কথাবার্তা সবই বোকার মতন। দু'জনকেই এমনি ভাবে দেখা যাবে ধারাবাহিকটির ৬০ পর্ব থেকে। নাটকটিতে দুজন সবসময় একসঙ্গে একই ফ্রেমে থাকবেন, কখনও আলাদা দেখা যাবে না। নাটকটি রচিয়তা অরণ্য আনোয়ার আর পরিচালনা করেছেন যৌথভাবে অরণ্য আনোয়ার ও মাহফুজ আহমেদ। মাহফুজের নিজস্ব প্রযোজনা সংস্থা বাণীচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে নাটকটি। নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে এটিএন বাংলায় । দুই অভিনেতাকে একই ফ্রেমে বন্দী করা প্রসঙ্গে নাটকটির পরিচালক ও প্রযোজক অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, "এই দুই কৃতি অভিনেতাকে একসঙ্গে ক্যামেরার সামনে হাজির করা খুবই কঠিন বিষয়। আমি ভাগ্যবান যে, তারা আমার কথায় ধারবাহিকটিতে অভিনয় করতে রাজী হয়েছেন। এ জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭২২ ঘ