নভেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সব শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয় অনুপম খেরকে নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। চলচ্চিত্রে শুধু অনুপম খেরের চলচ্চিত্র নয়, তাঁর অভিনয় শেখার স্কুল, দাতব্য প্রতিষ্ঠানের কাজের ওপরও আলোকপাত করা হবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
দীর্ঘ দিন ধরে বলিউডে বিচিত্র চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। ইতোমধ্যে ৩৫৯ টি ছবিতে কাজ করেছেন তিনি।
এ প্রসঙ্গে অনুপম বলেন, "আমার জীবন ও কাজের ওপর কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এই প্রামাণ্য ছবি নির্মাণ করছে। অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে অভিনয় করাটা সহজ। কিন্তু ক্যামেরায় আমার বাস্তব জীবনের সাক্ষ্য দেয়াটা ছিল কঠিন অভিজ্ঞতা । এখন আমি চেষ্টা করছি ক্যামেরার উপস্থিতি ভুলে যেতে এবং আমি যেমন সেরকম আচরণই করছি।"
অনুপম বলেন, "এই প্রামাণ্য ছবির গুরুত্বপূর্ণ দিক হলো এতে আমার ওপর ভিন্নভাবে আলোকপাত করা হয়েছে। বোধ করি আমাদের ইন্ডাস্ট্রি প্রামাণ্য ছবি এবং আর্কাইভাল রেকর্ডিং এর গুরুত্ব বুঝতে পারছে না। আমরা আমাদের পূর্ব পুরুষদের উপর কোন প্রামাণ্য চিত্র করিনি। সর্ববাদীসম্মত শ্রেষ্ঠ অভিনেতা দিলিপ কুমারের ওপর লেখা বই আর ছবিগুলো এখন কোথায় তা জানতে চাইলে জবাব মিলবে না।"
কানাডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির প্রামাণ্য চিত্রের কাজ শেষ হলে অনুপম দুটি ছবির কাজ শুরু করবেন। এর একটি একতা কাপুর ও অন্যটি অশোক অমৃতরাজ প্রযোজিত।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮৩২ ঘ
bdnews24