২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদের ঈদের নাটক 'নায়ক'

ঈদুল আযহার ঈদ অনুষ্ঠানমালার জন্য এরই মধ্যে শুরু হয়ে গেছে নাটক নির্মাণ। এরই ধারাবাহিকতায় ঈদের জন্য নির্মিত হচ্ছে একক নাটক 'নায়ক'। নাটকটির রচিয়তা ও নির্মাতা আলী ইমরান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

অক্টোবর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদুল আযহার ঈদ অনুষ্ঠানমালার জন্য এরই মধ্যে শুরু হয়ে গেছে নাটক নির্মাণ। এরই ধারাবাহিকতায় ঈদের জন্য নির্মিত হচ্ছে একক নাটক 'নায়ক'। নাটকটির রচিয়তা ও নির্মাতা আলী ইমরান চৌধুরী। নাটকের গল্প আবর্তিত হয়েছে রুপসার চরের বানবাসী যুবক বাদলকে ঘিরে। মা, বাবা আর বাড়ী ঘর হারিয়ে আশ্রয়হীন বাদল ঢাকায় আসে। স্বপ্ন তার, টাকা হলে গ্রামে থাকা ছোট বোনটাকে বিয়ে দেবে। এজন্য ঢাকায় এসে সে রিকশা চালাতে শুরু করে। কিন্তু বিধিবাম, চুরি হয়ে যায় তার রিক্সাটাও। এমন দুর্যোগের মধ্যে থাকা সত্ত্বেও হঠাৎ একদিন পাওয়া টাকা ভর্তি ব্রিফকেসটা তুলে দেয় সে পুলিশের কাছে। সারাদেশে ছড়িয়ে পড়ে বাদলের সততার কাহিনী। প্রচারের মোহে না পড়ে ফিরে যায় সে গ্রামে ছোট বোনের বিয়ে দিতে। এ কাজে বাদলের পাশে দাঁড়ায় গ্রামের সহৃদয় ইয়াকুব আলী। বাদলের এমনি আত্মত্যাগের কাহিনী নিয়ে এগিয়েছে নাটকটি। নাটকটির বাদল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান আর ইয়াকুবের ভূমিকায় আছেন হুমায়ন ফরিদী। এছাড়াও রয়েছেন মাসুদ আলী খান, কাবিলা, মায়া ঘোষ, তোফা হাসান, রাহিসহ অনেকেই। ঢাকার আশেপাশে বিভিন্ন লোকেশনে চলছে এ নাটকের শুটিং। নাটকটি জাহিদের নিজস্ব প্রযোজনা সংস্থা পুষ্পিতা ভিজ্যুয়ালের ব্যানারে নির্মিত হচ্ছে। নাটকটি প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, "আমি সবসময় বক্তব্যধর্মী নাটক করি। এটিও তার ব্যতিক্রম নয়। এর নির্মাতা আমার দীর্ঘদিনের সহযোগী পরিচালক আলী ইমরান। নাটকটি দর্শকদের ভাল লাগবে আশা করি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮২১ ঘ