অক্টোবর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হাবিবের তৃতীয় রিমেক অ্যালবাম 'পাঞ্জাবিওয়ালা'র জন্য মিউজিক ভিডিও নির্মাণ করছেন শিল্পীর বাবা ফেরদৌস ওয়াহিদ। এ অ্যালবামের পাঁচটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন তিনি। লন্ডনপ্রবাসী বাউল শিল্পী শিরীনের গাওয়া গানগুলি নিয়েই তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও।
মিউজিক ভিডিও নির্মাণে লোকেশন হিসেবে বেছে নিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকত ও বিক্রমপুর-মাদারীপুরের পদ্মার চরকে। পাচঁটি গানের ভিডিও চিত্রায়নে মডেল হয়েছেন ৬ জন। মডেলের সকলেই নতুন।
ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে শুটিং শেষ হয়েছে অ্যালবামের 'মনেরই বাগানে ফুটিল ফুলরে' শিরোনামের গানটির। আর বাকী ৪টি গান 'বাবা শাহ্ জালাল', 'খাজা তোমার দয়া', 'পিরিতি শিখাইয়া' এবং 'ঝাঁপ দিও না নদীতে' এর শুটিং হবে চলতি সপ্তাহে পদ্মার চরে।
আগামী মাসের শেষদিকে বাজারে আসবে 'পাঞ্জাবিওয়ালা'র মিউজিক ভিডিও, একই সঙ্গে দেশের সবক'টি টিভি চ্যানেলে শুরু হবে এর প্রচার ।
মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, "তৃতীয়বারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করছি। বরাবরের মতো চেষ্টা রয়েছে গানের ভাষাটাকে ক্যামেরার ভাষায় ফুটিয়ে তোলার। আমি সৌভাগ্যবান এ কাজে আমি পেয়েছি ৬ জন অসাধারণ নতুন মডেলকে। আশা করি গানগুলোর মতো এর ভিডিও চিত্রগুলোও শ্রোতা-দর্শকদের ভাল লাগবে।"
মিউজিক ভিডিও নির্মাণে এটি পপতারকা ফেরদৌস ওয়াহিদের তৃতীয় আয়োজন। এর আগে তিনি নির্মাণ করেছেন হাবিবের দ্বিতীয় রিমেক অ্যালবাম 'মায়া'র ৪টি আর নিজের একক রিমেক 'প্রেমের তরী'র সবক'টি গান।
নতুন মিউজিক ভিডিওটি প্রকাশ করবে লেজার ভিশন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬০৬ ঘ
bdnews24