অক্টোবর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সিঙ্গাপুর থেকে এ সপ্তাহে দেশে ফিরবেন কোকিলকণ্ঠী গায়িকা সাবিনা ইয়াসমিন। সিঙ্গাপুরের কর্তব্যরত ডাক্তাররা সিদ্ধান্ত না বদলালে চলতি সপ্তাহের যে কোন দিন দেশে ফেরার কথা তার। এরই মধ্যে বিমানের কাগজপত্র গোছানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
তার বর্তমান অবস্থা সম্পর্কে সাবিনা ইয়াসমিনের ভগ্নিপতি বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব মোবারক হোসেন খান জানান, আমি যতদূর জেনেছি তিনি ভাল আছেন। স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সুখের বিষয় হচ্ছে, তিনি আমাদের সবার সঙ্গে নিয়মিত আলাপ করছেন এবং সিঙ্গাপুরে দু'একটি ঘরোয়া নিমন্ত্রণেও অংশ নিচ্ছেন। সবার দোয়ায় তিনি অনেক সুস্থ আছেন।"
এ ব্যাপারে সাবিনা ইয়াসমিনের কন্যা বাঁধন বলেন, "এরই মধ্যে মা'র ছয়টি কেমোথেরাপি দেয়া শেষ হয়েছে। শুরুতে এ নিয়ে আমাদের যে শঙ্কা ছিল এখন আমরা তা থেকে মুক্ত। প্রতিদিন কয়েকবার করে মা'র সঙ্গে কথা হচ্ছে। প্রায় সময় তিনি নিজেই ফোন করে আমাদের খোঁজ খবর নিচ্ছেন। সেখানকার ডাক্তাররাও মা'কে নিয়ে বেশ আশাবাদী। আশা করছি ক' দিনের মধ্যে দেশে ফিরে আসবেন মা। "
এ প্রসঙ্গে মোবারক হোসেন খান আরও জানান, "দেশে ফেরার ছয় মাস পর সাবিনা ইয়াসমিনকে আবার সিঙ্গাপুর যেতে হবে। তখন পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে আরও কেমো দিতে হবে কিনা। এমনও হতে পারে আর কোন কেমো দেয়ার প্রয়োজন হবে না। তবে তা ছয় মাসের আগে বোঝা কঠিন।"
দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন আছেন। 'নন হজকিন্স লিম্ফোমা' নামের এক ধরনের টিস্যু ক্যান্সারে আক্রান্ত শিল্পীকে উন্নত চিকিৎসার জন্য দেশ থেকে সিঙ্গাপুরে নেয়া হয় গত ১১ই জুলাই।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭০৩ ঘ
bdnews24