২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ওয়েবসাইটে হাজির হচ্ছেন না আমির

ফয়সাল খান তার ভাই আমির খানের বিরুদ্ধে আদালতে অভিযোগ করায় খুবই মর্মাহত বলিউড অভিনেতা। বিরক্ত ও বিব্রত খান শনিবার থেকে তার ব্যক্তিগত ওয়েবসাইটে ভক্তদের সঙ্গে চ্যাট করা থেকে বিরত রয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

অক্টোবর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ফয়সাল খান তার ভাই আমির খানের বিরুদ্ধে আদালতে অভিযোগ করায় খুবই মর্মাহত বলিউড অভিনেতা। বিরক্ত ও বিব্রত খান শনিবার থেকে তার ব্যক্তিগত ওয়েবসাইটে ভক্তদের সঙ্গে চ্যাট করা থেকে বিরত রয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'লগন' ছবির অভিনেতা শনিবার ভারতীয় সময় সকাল ৮ টায় শেষবারের মতো তার ওয়েবসাইটে হাজির হন এবং ভক্তদের উদ্দেশ্য করে লেখেন : "দুঃখিত, কিছু অনিবার্য ব্যক্তিগত কারণে আমি আপনাদের সঙ্গে সরাসরি চ্যাট করতে পারছি না। পরে নতুন তারিখ ঠিক করে আমি আপনাদের জানাবো কখন ফের যোগাযোগ করতে পারব। তবে আপনারা লেখা পাঠাতে থাকুন। 'তেরে জমিন পর' সম্পর্কে আপনাদের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে থাকুন। দুঃখিত। আমির।" ১১ অক্টোবর ফয়সাল ঘর থেকে পালিয়ে গেলে তার মা ও বোন ১২ অক্টোবর খার থানায় এ ব্যাপারে মামলা দায়ের করে। মামলায় তারা ফয়সালকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেন। ফয়সালের আইনজীবী দাবি করেন, "ফয়সাল মোটেই কোন মানসিক রোগী নন। আমিরের দেহরক্ষী, তার মা ও বোন ফয়সালের চা, ফলের রস ও খাবার পানিতে ওষুধ মিশিয়ে দিচ্ছিল বেশ কিছু দিন ধরে। এটা বুঝতে পেরে ফয়সাল ঘর থেকে পালানোর সিদ্ধান্ত নেয় এবং পালিয়ে যায়।" শুক্রবার ফয়সাল খান আদালতে অভিযোগ করেন যে, তার ভাই আমির খান, তার মা ও বোনের সঙ্গে মিলে তাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করছে। এর মাধ্যমে ওই তিন জন তার সম্পত্তি গ্রাসের চেষ্টায় আছে। নিজেকে তিনি সম্পূর্ন সুস্থ দাবি করেন। ফয়সাল এই অভিযোগ এমন দিনে করেন যে দিন আমিরের প্রথম পরিচালিত ছবি 'তেরে জমিন পর' মুক্তি পায়। রোববার মুম্বাইয়ের এক মেট্রোপলিটন আদালত ফয়সাল খানকে ৩০ অক্টোবর পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেয়। এদিতে রোববার আমির খান ও ফয়সালের বাবা তাহির খান ফয়সালের পক্ষে আদালতে বক্তব্য দেন। তাহির বলেন, ফয়সাল মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। তিনি তার তত্ত্বাবধানে ফয়সালকে রাখার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। এর ফলে পরিস্থিতি নতুন মোড় নেয়। আমিরের খুব ঘনিষ্ট একটি সূত্র জানায়, "তার ওয়েবসাইটে ভক্তদের কাছ থেকে যে সাড়া তিনি পেয়েছেন তাতে আমির অভিভূত ছিলেন। তার প্রথম পরিচালনা 'তেরে জমিন পর' সম্পর্কে তাদের কী বক্তব্য সেটা জানার জন্য উদগ্রীব ছিলেন তিনি। অনলাইনে তাদের মন্তব্যগুলি সরাসরি জানবেন বলে ঠিক করেছিলেন আমির। কিন্তু তার বাবা ও ভাই তার বিরুদ্ধে আদালতে বক্তব্য দেওয়ায় সব পরিকল্পনা ভন্ডুল হয়ে গেছে। আমির এখন খুবই বিপর্যস্ত ও মানসিকভাবে আহত।" এর আগে ২০০০ সালে আমিরের আইনজীবী পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিলেন যে, এরপর থেকে বাবা তাহির খানের প্রডাকশনের সঙ্গে আমির খানের আর কোন সম্পর্ক নেই। তাহির খানের সঙ্গে যারা কাজ করবেন তারা নিজ দায়িত্বে করবেন। তার জন্য আমির খানকে কোনভাবে দায়ী করা যাবে না। ধারণা করা হয়, তাহির খান ছেলের নাম ভাঙিয়ে কিছু অনিয়ম করায় এই ঘোষণা দিতে বাধ্য হন আমির। ফয়সালের জন্য আমির তার সাধ্যমতো চেষ্টা করলেও প্রথম সারির অভিনেতা হিসেবে ফয়সাল বলিউডে জায়গা করে নিতে পারেননি। পরে তিনি ভাইকে প্রশ্রয় দেয়া থেকে বিরত থাকেন। এ কারণে আমিরের প্রতি ফয়সালের ক্ষোভ থাকতে পারে বলে অনেকে মনে করেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৫২ ঘ