অক্টোবর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অনেক ধরনের জল্পনা কল্পনা চলছিলো যখন সরোজ খান 'নাচ বলিয়ে ৩' এ অংশগ্রহন করতে 'না' করেছিলেন। তার 'না' বলার কারন এখন পরিস্কার। তিনি পরিকল্পনা করছিলেন নিজেই একটি ডান্স রিয়েলিটি শো নিয়ে হাজির হওয়ার।
নাচ বলিয়ের পরপর দুটি শো করার পর সরোজ খান মনে করেন, তিনি নিজেই এর চেয়ে ভালো কিছু করতে পারেন। আর 'নাচ বলিয়ে ৩' এ অংশগ্রহনে অনিহার এটাই কারন।
একটি সূত্র জানায়,বিতর্কহীনভাবেই সরোজ বলিউডের সবচেয়ে ভালো কোরিওগ্রাফার। আর এই প্রজেক্টের জন্য তিনি কঠোর পরিশ্রমও করছেন ।
সরোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার নতুন অনুষ্ঠান সম্পর্কে জানাতে ইতস্তত বোধ করেন। অবশ্য নিজের ডান্স রিয়েলিটি শোর কথাটা অস্বীকার করেননি তিনি। কিন্তু বেশি কিছু জানাতে তিনি অপারগ ।
শোর পরিকল্পনাটি সরোজ খানেরই এবং এটি দেখানো হবে এনডিটিভি এন্টারটেইনমেন্টে। তিনি জানান, চুক্তির শর্ত অনুযায়ী চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত শোর ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না ।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এসএন/১৭২৮ ঘ.
bdnews24