অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এবারের ঈদে বেশ ক'টি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে জনপ্রিয় শিশুতোষ সিরিয়াল 'সিসিমপুর' পরিবারের সদস্যদের। ছোটদের প্রিয় বন্ধু ইকরি, শিকু, হালুম, শেরালী, বিজলী ও মুন্নীদের নিয়ে ক'টি টেলিভিশন চ্যানেল নির্মাণ করেছে কয়েকটি শিশুতোষ অনুষ্ঠান।
বিটিভি'র আনন্দমেলায় সিসিমপুর ব্যান্ড: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের আনন্দমেলায় 'সিসিমপুর ব্যান্ড' এর জনপ্রিয় সদস্য হালুম, ইকরি, শিকু ও মুন্নীর অংশগ্রহণে দেখা যাবে একটি বিশেষ পরিবেশনা। এই সংগীত পরিবেশনায় 'সিসিমপুর ব্যান্ড' এর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অভিনেত্রী নির্দেশক সারা যাকের ও উপস্থাপিকা ও মডেল শারমিন লাকী। গানটি জনপ্রিয় একটি লোকগানের সুর থেকে সংগৃহীত।
শামীমা আক্তার বেবী ও মমরেজ মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিক উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠানটি গ্রন্থনা করেছে আনজীর লিটন। এটি প্রচার হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।
ইচ্ছাপরীর দেশে : আরটিভিতে ঈদের দিন সকাল ১১-৩০টায় 'ইচ্ছাপরীর দেশে' অনুষ্ঠানে ইকরি কথা বলবে তার প্রিয় বন্ধুদের সঙ্গে। মেতে থাকবে আনন্দ-উল্লাসে। রাজিব সালেহীন-এর গ্রন্থনা ও গবেষণায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আফরোজা সুলতানা চৈতী।
হৈ চৈ : চ্যানেল আই এ শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান হৈ চৈ এ শিকু আসবে তার প্রিয় বন্ধুদের সিসিমপুরের গল্প শোনাতে। আমিনুল ইসলাম রাজুর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন দুপুরে।
একুশের সকাল : ঈদের দিন সকাল সাড়ে আটটায় একুশে টেলিভিশনে পারভেজ চৌধুরী প্রযোজিত 'একুশের সকাল' অনুষ্ঠানে ইকরি তার প্রিয় বন্ধুদের শোনাবে মজার মজার গল্প। মেতে থাকবে হাসি, গানে আর আনন্দে, সঙ্গে থাকবে সিসিমপুরের আরেক বন্ধু শেরালী। ঈদের পরদিন একই সময়ে 'একুশের সকাল' অনুষ্ঠানে শিকু তার আরেক বন্ধু বিজলীকে সঙ্গে নিয়ে শোনাবে তার বিচিত্র গোয়েন্দাগিরির কথা, আবিষ্কারের গল্প আর নানান রকম রহস্য উদঘাটনের গল্প।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০০৮ ঘ
bdnews24