২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে চলচ্চিত্রের শীর্ষ ৩ নায়িকার বিপরীতে জাহিদ হাসান

এবারের ঈদে ছোট পর্দায় সরব উপস্থিতি থাকছে চলচ্চিত্রের শীর্ষ ৩ নায়িকা মৌসুমী, পূর্ণিমা ও পপির। আর একমাত্র নায়ক হিসেবে বড় পর্দার জনপ্রিয় এ ৩ নায়িকার সঙ্গেই ঈদের নাটকে থাকছেন ছোটপর্দার প্রিয়মুখ জাহিদ হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এবারের ঈদে ছোট পর্দায় সরব উপস্থিতি থাকছে চলচ্চিত্রের শীর্ষ ৩ নায়িকা মৌসুমী, পূর্ণিমা ও পপির। আর একমাত্র নায়ক হিসেবে বড় পর্দার জনপ্রিয় এ ৩ নায়িকার সঙ্গেই ঈদের নাটকে থাকছেন ছোটপর্দার প্রিয়মুখ জাহিদ হাসান। বাদল খন্দকার পরিচালিত 'ভেলা ' টেলিফিল্মে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। টেলিফিল্মটি মৌসুমীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আরিয়ান এর ব্যানারে নির্মিত হয়েছে। ঈদ অনুষ্ঠানমালায় টেলিফিল্মটি চ্যানেল আই এ প্রচার করা হবে। জাহিদ হাসান পরিচালিত প্রথম মেগা সিরিয়াল 'লাল নীল বেগুনী'র নায়িকা ছিলেন পূর্ণিমা। দীর্ঘ বিরতিতে এবার ঈদের নাটকে জাহিদ হাসানের সঙ্গে জুটি বেধে ছোট পর্দায় ফিরছেন পূর্নিমা। আলী ইমরান রচিত আর জাহিদ হাসান নির্দেশিত একক এ নাটকের নাম 'নোলক'। নাটকটি জাহিদ হাসানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজুয়ালের ব্যানারে নির্মাণ করা হয়েছে। নাটকটি ঈদে এটিএন বাংলায় প্রচার করা হবে। বড় পর্দায় জাহিদ হাসানের বিপরীতে 'ঝন্টু মন্টু দুই ভাই' চলচ্চিত্রে অভিনয় করলেও ঈদের নাটকের মাধ্যমে এই প্রথমবার ছোটপর্দায় জাহিদের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম 'রোশনাই'। রচিয়তা অয়ন চৌধুরী ও নির্মাতা জাহিদ হাসান। জাহিদ হাসানের প্রযোজনা সংস্থা পুষ্পিতা ভিজ্যুায়ালের ব্যানারে নির্মিত হয়েছে ঈদের এ নাটকটি। ঈদে নাটকটি বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার করা হবে। চলচ্চিত্রের এ সময়ের শীর্ষ ৩ নায়িকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান জানান, " চলচ্চিত্রের নায়িকাদের অভিনীত নাটকের প্রতি ছোটপর্দার দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। সেই আগ্রহকে প্রাধান্য দিতেই কাজগুলো করেছি। তাছাড়া প্রতিটি নাটকের গল্প ও নির্মাণশৈলীতে রয়েছে ভিন্নতা ও বৈচিত্র্য। আমার বিশ্বাস, ঈদে তাদের বিপরীতে অভিনীত আমার এ নাটকগুলো দর্শকদের ভাল লাগবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬৫২ ঘ