২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঞ্জন দত্তের 'বেলা বোস' হচ্ছেন অপি করিম

কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঞ্জন দত্তের বহুল প্রচারিত গান 'হ্যালো এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন/ বেলা বোস, তুমি শুনতে পাচ্ছ কি'। এই গানের ভাব আর বিষয়বস্তুকে কেন্দ্র করে ঈদের জন্য নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম, নাম '২৪৪১১৩৯'। টেলিফিল্মটির নাট্যভাবনা ও পরিচানায় আছেন আলভী আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

অক্টোবর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঞ্জন দত্তের বহুল প্রচারিত গান 'হ্যালো এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন/ বেলা বোস, তুমি শুনতে পাচ্ছ কি'। এই গানের ভাব আর বিষয়বস্তুকে কেন্দ্র করে ঈদের জন্য নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম, নাম '২৪৪১১৩৯'। টেলিফিল্মটির নাট্যভাবনা ও পরিচানায় আছেন আলভী আহমেদ। টেলিফিল্মটির অন্যতম চরিত্র বেলা বোসের ভূমিকায় অভিনয় করেছেন অপি করিম। আর তার বিপরীতে রয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন আফরোজা বানু, রুনা খানসহ অনেকেই। টেলিফিল্মের গল্প এগিয়েছে এক বেকার যুবক আর তরুণী বেলা বোসের প্রেমকে ঘিরে। সচ্ছল পরিবারের মেয়ে বেলা বোসের বিয়ে ঠিক হয় একজন প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ারের সঙ্গে। ওদিকে বেকার অগোছালো প্রেমিক এ সময়ে অসহায় হয়ে পড়লেও বেলা বোস ঠিকই চলে আসে তার ঘরে। উদ্দেশ্য বিয়ে করা। কিন্তু প্রেমিক বেলা বোসের এ সিদ্ধান্তে সায় দেয় না। সে অন্তত দু'মাস সময় চায় বেলা'র কাছে। অপমান বুকে চেপে বেলা ফিরে যায় নিজের ঘরে। ওদিকে তার প্রেমিকও পাগলের মতো চাকরির জন্য ঘুরে বেড়ায় শহরের অলিগলিতে। একটা সময় চাকরি পায়। হন্যে হয়ে বেলাকে জানাতে চায়, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। কিন্তু ফোনের দোকান থেকে হাজারো চেষ্টা করে সে জানাতে পারে না তার চাকরির খবর। বাধ্য হয়ে হাতে দু'প্যাকেট মিষ্টি নিয়ে ছুটে যায় বেলা বোসের বাড়িতে। ফুলে সাজানো বেলা বোসের বাড়ি দেখে অঞ্জন বুঝে ফেলে সবকিছু। বেলাকে চাকরির খবর না জানিয়ে ফিরে আসে নীরবে। নিরুদ্দেশের পথে হাঁটা শুরু করে অঞ্জন আর মনে মনে ভাবে, চাকরিটার জন্য বড় বেশি মূল্য দিতে হলো তাকে। টেলিফিল্মটির শুটিং হয়েছে শুটিং হাউজ কৃষ্ণচূড়া, বোটানিক্যাল গার্ডেনসহ ঢাকার বিভিন্ন শুটিং স্পটে। 'দৃক' এর প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটি ঈদের তৃতীয় দিন চ্যানেল ওয়ানে রাত ১১টায় প্রচার করা হবে। এ প্রসঙ্গে অপি করিম বলেন, " আমি অনেক দিন এই গানের প্রেমে ডুবে ছিলাম। এ গান নিয়ে নাটক করব এমন ভাবনা কখনোই ছিল না। যদিও গানটি শোনার সময় বেলা বোস আর অঞ্জন বেচারার মুখ আমার মনে ভাসতো সব সময়ই। টেলিফিল্মটিতে অভিনয় করে সত্যিই আমি অভিভূত। এখানে আমি যতটা অভিনয়ের সুযোগ পেয়েছি তার চেয়ে বেশি সুযোগ ছিল অঞ্জন চরিত্রে। এতে মিলন অনেক অনেক ভাল করেছে। আশা করছি গানটির চিরচেনা আবেদনটাকে আমরা সঠিক ভাবেই তুলে ধরেছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯২৬ ঘ