২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাণী এলিজাবেথের সঙ্গে দেখা করবেন শিল্পা শেঠী

অভিনয় করে যা পানেননি এক রিয়ালিটি শোতে অংশ নিয়ে তার চেয়ে ঢের বেশি খ্যাতি পেলেন শিল্পা শেঠী। উপমহাদেশের চৌকাঠ পেরিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পরিচিত। ব্রিটিশ রিয়েলিটি টেলিভিশন শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ এ বর্ণবাদী আচরনের শিকার হয়ে প্রথম আলোচনায় উঠে আসেন এই বলিউড তারকা। ওই প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর এখন সবার মুখে তার জয়গান। এমনকি বৃটেনের রাণীও কৌতুহলী হয়েছেন তার সম্পর্কে। রানী এলিজাবেথ স্বয়ং এবং প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 07:09 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এমন সুযোগ জুটে যাওয়ায় শিল্পাও আনন্দে আটখানা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডেইলি মিররের সঙ্গে বুধবার এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, “এটা আমার জন্য খুবই সম্মানের ব্যাপার। আমি বিনীতভাবে এই সম্মান মাথা পেতে নিলাম।”

শিল্পার বয়স এখন ৩১। সেলিব্রেটি বিগ ব্রাদার জেতায় আয়ও কম হয়নি তার এবারকার যুক্তরাজ্য সফর থেকে। বর্ণবাদী ওই ঘটনার পর যেভাবে সবার সহযোগিতা ও সহমর্মিতা পেয়েছেন তাতে তিনি মুগ্ধ। ফলে তার যুক্তরাজ্য সফর আরো দীর্ঘায়িত করবেন বলে জানিয়েছেন তিনি।

ডেইরি মিরর সূত্রে আরো জানা যায়, মার্চের ১২ তারিখ কমনওয়েলথ দিবস উপলক্ষে রাণীর সঙ্গে সরাসরি দেখা করার আমন্ত্রণ পেয়েছেন শিল্পা। এছাড়াও তিনি ফেব্র“য়ারির ৭ তারিখ ব্লেয়ার এবং হাউজ আফ কমনস এর মন্ত্রীবর্গের সঙ্গে সাক্ষাত করবেন।

রাজপ্রাসাদ এবং প্রধানমন্ত্রীর দপ্তর শিল্পার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি।

টনি ব্লেয়ারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে শিল্পা ডেইলি মিররকে জানায়, “ সেলিব্রিটি বিগ ব্রাদার এর ঘটনাটিকে এক পর্যায়ে রাজনীতিকরণ করা হয়েছে সেটা সত্যি। কিন্তু আমি কেন টনি ব্লয়ারের সঙ্গে দেখা করতে চাইবো না? আমার সঙ্গে একা´তা প্রকাশ করেছে এমন যে কেউ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আমি অবশ্যই তার সাথে দেখা করবো।”

উল্লেখ্য সেলিব্রিটি বিগ ব্রাদারে শিল্পা রিয়েলিটি টিভি তারকা জেড গুডি, গায়িকা জো ও’মেরা এবং মডেল ড্যানিয়েল লয়েড দ্বারা বর্ণবাদী আচরনের শিকার হয়েছিলেন।