প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে সমর্থন দিচ্ছেন লিজ টেলর
এক হিসেবে ঢের দেরি মনে হতে পারে। আবার ২০০৮ সাল খুব একটা দূরেও নয়। সেসময়ই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটটা কাকে দেবেন? এনিয়ে হলিউডের তারকাদের মধ্যে বিতর্ক থাকতেই পারে। কিন্তু এলিজাবেথ টেলর এরই মধ্যে পেয়ে গেছেন তার মনোনীতকে।
সাবেক ফার্স্টলেডি হিলারি রডহ্যাম ক্লিনটনকেই আসছে নির্বাচনে সমর্থন দেওয়ার কথা ভাবছেন তিনি। লিজ টেলর নামেই বেশি খ্যাত এক সময় চলচ্চিত্রপ্রেমীদের ঘুমহারাম করা এই তারকা এখানেই থামছেন না, রীতিমতো প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন হিলারির পক্ষে।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে হিলারিকে বেছে নেওয়ার পেছনে কারণ জানিয়েছেন ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী, “সিনেটর হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় আমি অনুদান দিয়েছি কারণ তার নিজস্ব চিন্তাভাবনা রয়েছে এবং তা বেশ প্রখর। তার এদিকটা আমার খুবই পছন্দ। সে খুবই কৌশলী এবং স্মার্ট রাজনীতিবিদ যার রয়েছে সরকার, কুটনীতি এবং রাজনীতিতে লম্বা সময়ের অভিজ্ঞতা।”
এক মুখপাত্র জানান, লিজ হিলারির প্রচারণার জন্য তহবিলে ২১০০ ডলার অনুদান দিয়েছেন। প্রাথমিক প্রচারণায় আইনগতভাবে কোনো নাগরিক অনুদানের এটাই সর্বোচ্চ অঙ্ক। এর আগে ওই মুখপাত্র বলেছিলেন, লিজ এক লাখ ডলার দিয়েছেন। কিন্তু তা তথ্যগত বিভ্রান্তি বলে পরে সংশোধন করেন।
