২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস নিয়ে চলচ্চিত্র করছেন ভারতের খ্যাতিমান পরিচালকরা

বলিউডের শীর্ষ চার পরিচালক এইইচআইভি/এইডস নিয়ে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মানের উদ্যোগ নিয়েছেন। স্বল্প বাজেটের ১২ মিনিটের এসব চলচ্চিত্র বিভিন্ন প্রেক্ষাগৃহে বলিউডের বিভিন্ন ব্লকবাস্টার ছবি প্রদর্শনের আগে দেখানো হবে। এর ফলে ভারতে এইচআইভি বিষয়ক সচেতনতা বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার। এই চারটি চলচ্চিত্রের একটির নির্মাতা তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এই উদ্যোগের সাথে জড়িত অন্যান্য পরিচালকরা হলেন ‘দি টেররিস্ট’ এর পরিচালক সন্তোষ শিবান, ‘দিল চাহতা হ্যায়’ এর পরিচালক ফারহান আখতার এবং সেক্সপিয়ারের ‘ওথেলো’ অবলম্বনে নির্মিত ‘ওমকারা’ র পরিচালক বিশাল ভরদ্বাজ।

এইসব চলচ্চিত্র নির্মানের অর্থ যোগাচ্ছে বিখ্যাত বিল এন্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন। আগামী ৫ বছরে ভারতের এইডস প্রতিরোধ কার্যক্রমে এই প্রতিষ্ঠান ২৫৮ মিলিয়ন ডলার খরচ করবে বলে ঘোষনা দিয়েছে ইতিমধ্যে।

ভারতের জন্ম নেয়া ‘মিসিসিপি মাসালা’ ও বিতর্কিত ‘কামসুত্র’ ছবির পরিচালক মীরা নায়ার ওই সংবাদ সম্মেলনে বলেন, “বিখ্যাত চলচ্চিত্রগুলোর আগে এইসব ছবি দেখানোর উদ্দেশ্য হলো এইডস বিষয়ক সচেতনতাকে বেশি করে ছড়িয়ে দেওয়া।

“এইডসের বিরুদ্ধে চলচ্চিত্র মাধ্যমটিকে আমরা ব্যবহার করতে চাই।”

মীরা নায়ার আক্ষেপ করে বলেছেন, এইডস বিষয়ক এই চলচ্চিত্র বানাতে তিনি বলিউডের প্রথম সারির কোন তারকাকে রাজী করাতে পারেননি। মীরা নায়ারের ছবির নাম ‘মাইগ্রেশন’।

“অধিকাংশ তারকাই এই ভাইরাসের সাথে নিজের নাম জড়াতে চায় না।”

ভরদ্বাজ বলেছেন, “আমরা দর্শককে নসিহত করতে চাই না, চাই আনন্দ দিতে। শিক্ষামূলক কথাবার্তা শুরু করলেই লোকজন বিরক্ত হয়ে ওঠে।”

পরিচালকরা আশা করছেন কয়েক মাসের মধ্যেই তাদের বানানো ছবিগুলো বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে শুরু করবে। পরিবেশকদের পক্ষ থেকে এ ব্যাপারে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন মীরা নায়ার।

স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রগুলির দুটি হবে হিন্দি আর বাকী দুটো হবে তামিল  বা দক্ষিণ ভারতীয় কোন ভাষায়। এইডস জাগো এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ কথা।

ইউএনএইডস এর হিসাবমতে, ভারতে ৫৭ লাখ এইডস রোগী রয়েছে।

এইডস নিয়ে ভারতে কুসংষ্কার মারাত্মকভাবে বিস্তৃত। এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ, এমনকি কিছু সাংসদও মনে করেন হ্যান্ডশেকের মাধ্যমেও এইডসের বিস্তার ঘটতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে এইডস নিয়ে দুটো পুর্নদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হলেও এর কোনটাই ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেনি।