অবশেষে বর্ণবাদী আচরণের কথা স্বীকার করলেন জেড গুডি
সেলিব্রিটি বিগ ব্রাদার শো থেকে বাদ হয়ে যাওয়া জেড গুডি গত রোববার কান্না বিজড়িত কন্ঠে স্বীকার করলেন যে শিল্পা শেঠীর প্রতি তার মন্তব্যগুলো ছিল বর্ণবাদী। ব্রিটিশ এক ট্যাবলয়েডকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলে তার কৃতকর্মের জন্য বারংবার ক্ষমা চান তিনি।
২৫ বছর বয়ষ্ক এই প্রাক্তন নার্স গত সপ্তাহে সেলিব্রিটি বিগ ব্রাদার শোতে অংশ নেয়া ভারতীয় তারকা শিল্পা শেঠীর প্রতি অমানবিক আচরণ করায় ভারত ও ব্রিটেন জুড়ে সমালোচনার শিকার হন।
“আমি বর্ণবাদী নই তবে আমি স্বীকার করছি আমার মন্তব্যগুলো ছিল বর্ণবাদী।” নিউজ অফ দি ওয়ার্ল্ড নামের এক ট্যাবলয়েড এর সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন গুডি। সাক্ষাৎকারটি স্কাই টেলিভিশনেও প্রচার করা হয়।
“হ্যা, কবুল করছি শিল্পা বর্ণবাদের শিকার হয়েছে।” বারবার বলেছেন গুডি।
ওই শো’তে শেঠীর জাতীয়তা, তার উচ্চারণভঙ্গি, তার খাদ্যাভ্যাস, রান্নাবান্না ইত্যাদি নিয়ে অশালীন ভাষায় ব্যঙ্গ করা হয়েছে। এমনকি তাকে
‘কুকুর’ বলেও ডাকা হয়েছে।
সাক্ষাৎকারে গুডি বলেন, “ এখন আমি জানি, আমি যেগুলোকে বর্ণবাদী বলে মনে করি না সেগুলোও বর্ণবাদী হতে পারে।”
“অন্য মানুষের কৃষ্টি সম্পর্কে যে জানি না এটা আসলে আমারই অপরাধ।”
পত্রিকাটি জানিয়েছে, এই স্বীকারোক্তির জন্য গুডিকে কোন মূল্য দিতে হবে না। তবে ওই সাক্ষাৎকার এবং বিগ্র ব্রাদারে অংশ নেয়ার জন্য পাওয়া সম্মানীর অর্থ তার এবং শিল্পার পছন্দমাফিক কোন সমাজসেবামূলক সংগঠনে দান করে দেবেন তিনি।
ব্রিটিশ রিয়ালিটি শো’র সবচেয়ে জনপ্রিয় এই তারকা তার এসব কর্মকান্ডের মাধ্যমে ক্যারিয়ার বাঁচাতে পারবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না।
২০০২ সালে সেলিব্রিটি বিগ ব্রাদার শো’তে অংশ নেয়ার মধ্যমে গুডি সুনাম ও অর্থ দুটোই উপার্জন করেছিলেন। সেলিব্রিটি ম্যাগাজিনের সাথে চুক্তি, একটা আত্মজীবনী ও পারফিউম প্রচারণার সুবাদে গুডি ৮ মিলিয়ন পাউন্ডও পেয়েছেন। পরিহাসের ব্যাপার, ওই পারফিউমটির নাম ‘শ্শ্শ্.....’(চুপ..চুপ)।
বিগ ব্রাদার ইস্যু নিয়ে ব্রিটেনের পত্রপত্রিকায় এখনো লেখালেখি চলছে। সাপ্তাহিক অবজারভার তাদের এক সম্পাদকীয়তে লিখেছে, “গুডি যে বর্ণবাদী আচরণ দেখিয়েছে প্রতিদিনি লাখ লাখ কৃষ্ণাঙ্গ ও এশিয় সে ধরণের আচণের শিকার হয়।”
“এই অনুষ্ঠানটি একটা দর্পনের মতো যেন ব্রিটেনের সমাজচিত্রকেই তুলে ধরেছে। হয়তো সে দর্পন ক্রটিপূর্ণ। কিন্তু অতিরেকের ভিতর দিয়ে হলেও আমাদের আসল চেহারাটা ফুটিয়ে তুলেছে তা।” মন্তব্য করেছে অবজারভার।
