২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জেড একটা আস্ত বোকা'

‘বিগ ব্রাদার'’ হাউজ থেকে জেড গুডির বিদায়কে ‘মন্দের উপর ভাল’র বিজয় বলে অভিহিতি করেছেন শিল্পা শেঠীর এক মুখপাত্র ডেল ভাগাবার। শিল্পা শেঠীর উপর বর্ণবাদী নির্যাতন করার কারণে দর্শকদের ভোটে গত শুক্রবার ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ হাউজ থেকে বিদায় নিতে হয়েছে এই ব্রিটিশ টেলিভিশন তারকাকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 02:41 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

জেড গুডিসহ ওই প্রতিযোগিতায় অংশ নেয়া আরো কয়েকজন হাউসমেট শিল্পার ভারতীয় পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন, তার ইংরেজী উচ্চারণ, খাদ্যাভ্যাস, রান্না ইত্যাদি নিয়েও অশ্রাব্য ভাষায় ব্যঙ্গ করেছেন, এমনকি তাকে ‘কুকুর’ ও বলেছেন।

 “জেড নির্বোধ এবং এ অনুষ্ঠান থেকে একেবারেই বাদ হয়ে গেছে।” রয়টার্স এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন ওই মুখপাত্র। “ দর্শকদের ভোট থেকেই বোঝা যাচ্ছে মন্দের উপর ভাল’র বিজয় হয়েছে।”

ওই শো’র প্রযোজক জানিয়েছেন, ৮২% ভোটার গুডির বিপক্ষে ভোট দিয়েছে।

গতকাল শনিবারও বিষয়টি নিয়ে ভারত ও ব্রিটেনের দৈনিকগুলিতে প্রথম পাতায় খবর ছাপা হয়েছে।

 “এটা একদিক দিয়ে ভালই হয়েছে যে দর্শকরা শিল্পাকে ভাল মানুষ হিসেবে চিনতে পেরেছে এবং আশা করছি এই প্রতিযোগিতায় সে বিজয়ী হবে।” ভাগাবার বলেছেন।

এ উপলক্ষে ভারতীয় পর্যটন মন্ত্রণালয় একাধিক ব্রিটিশ পত্রিকায় বিজ্ঞাপন ছেপেছে যেখানে লেখা রয়েছে : “প্রিয় জেড গুডি, চলতি দায়িত্বগুলি সম্পন্ন হলে পরে একবার ভারতের আরোগ্যকর প্রকৃতির অভিজ্ঞতা নেয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই।”

 ‘বিগ ব্রাদার’ হাউজ থেকে বের হয়ে জেড গুডি তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বলেন যে তিনি বর্ণবাদী নন, তবে তার কৃত মন্তব্যের জন্য তিনি দুঃখিত।

উল্লেখ্য এর আগে ২০০২ সালে বিগ ব্রাদার  -  এ অংশ নিয়ে গুডি দর্শকপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে এবারের আচরণে তার সব অর্জন যে ভেস্তে গেছে সেটা গুডি নিজেও টের পাচ্ছেন।

ব্রিটিশ ট্যাবলয়েডগুলোও গুডির বিদায়কে স্বাগত জানিয়ে শিরোনাম দিয়েছে। সান এর শিরোনাম ছিল ‘গুডির অপসারণ’। মিরর পত্রিকা গুডি সম্পর্কে  মন্তব্য করেছে ‘ গোঁড়ামিতে পূর্ণ একটা ভূয়া’ বলে।

বিষয়টি নিয়ে  যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে সেটাকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন অনেকে।

গার্ডিয়ান পত্রিকার এক জরিপে দেখা যাচ্ছে,  ৫৫% ব্রিটিশ বিশ্বাস করে শিল্পার প্রতি যে আচরণ করা হয়েছে তা সাধারণ ব্রিটিশদের মনোভাবকে প্রতিফলিত করে না।

চ্যানেল ফোর জানিয়েছে শিল্পাকে নিয়ে বিতর্ক শুরুর পর এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮.৮ মিলিয়ন। এর আগে এর দর্শকসংখ্যা ছিল ৩.৫ মিলিয়ন।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করার পর ১৯৯৩ সালে ‘বাজীগর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন শিল্পা শেঠী। এ পর্যন্ত প্রায় ৪০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। গত কয়েক বছরে ক্রমাগত নতুন নতুন তারকার আবির্ভাবে শিল্পার ইমেজ অনেকটা ঢাকা পরে গিয়েছিল। এখন বিগ ব্রাদার এর কারণে তাকে নিয়ে আলোচনা বেড়েছে। তবে সম্ভবত এ ধরণের প্রচারণার কথা তিনি স্বপ্নেও ভাবেননি।

২০০৪ সালে হলিউড ব্লকবাস্টার ছবি ‘ফিলাডেলফিয়া’র অনুসরণে নির্মিত ‘ফির মিলেঙ্গে’ ছবিতে শিল্পা এইচআইভি আক্রান্ত এক বিজ্ঞাপনী সংস্থার কর্মচারীর ভুমিকায় অভিনয় করে সুনাম অর্জন করেন। ওই ছবিতে অভিনয়ের জন্য  বেশ কটি ভারতীয় চলচ্চিত্র পুরষ্কারও পান তিনি।  এর পর থেকে বস্তুত তাকে আর বলিউডের রূপালী পর্দায় দেখা যায়নি। তবে এ বছর তার দুটো ছবি মুক্তি পাওয়ার কথা।