২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিব্রিটি বিগ ব্রাদার থেকে গুডি আউট

ব্রিটিশ টেলিভিশন তারকা জেড গুডি দর্শকদের ভোটে গতকাল শূক্রবার সেলিব্রিটি বিগ ব্রাদার থেকে আউট হয়ে গেছেন। এর আগে জনপ্রিয়তায় এগিয়ে থাকা গুডি ভারতের প্রথম সারির তারকা শিল্পা শেঠীর সাথে বর্ণবৈষম্যমূলক আচরণ করায় তাকে এই পরিণতি বরণ করতে হলো। তার এই আচরণ আগামীতেও তার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন অনেকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 03:35 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বিগ ব্রাদার হাউজ থেকে বের হওয়ার পর বাইরের দুনিয়ায় তার আচরণ নিয়ে গনমাধ্যমে যে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে তা দেখে গুডি চরম বিব্রত। উল্লেখ্য, বিগ ব্রদার হাউজে অংশ নেয়ার পর প্রতিযোগিতা চলাকালীন বাইরের দুনিয়ার সাথে অংশগ্রহণকারীদের আর কোন যোগযোগ থাকে না।

 “আমার সম্মান বাঁচানোর কোন উপায় আর নেই, কারণ ওই ভিডিও ফুটেজগুলো তো আমারই” পরে নিজের আচরণ দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেছেন গুডি। “আমি নিজেকে বাঁচানোর কোন চেষ্টা করবো না। হ্যা, আমি ও কথাগুলো বলেছি আর কথাগুলো ছিল খুবই নোংরা।”

তবে নিজেকে বর্ণবাদী বলে স্বীকার করেননি গুডি। “আমি বর্ণবাদী নই। এবং আমি আমার এই আচরণ দ্বারা যাদের মনে আঘাত দিয়েছি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।”

উল্লেখ্য এর আগে ২০০২ সালে বিগ ব্রাদার  -  এ অংশ নিয়ে গুডি দর্শকপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে এবারের আচরণে তার সব অর্জন যে ভেস্তে গেছে সেটা গুডি নিজেও টের পাচ্ছেন। বিগ্র ব্রাদার থেকে বেরিয়ে উষ্ণ সংবর্ধনার আশা করেছিলেন তিনি, তার বদলে পেয়েছেন উপস্থিত দর্শকদের শীতল আচরণ। অবস্থা বুঝতে পেরে বিরসবদনে এই প্রাক্তন ডেন্টাল নার্স  বলেছেন “ এটা ছিল আমার ক্যারিয়ারের শুরু, আর এখানেই সেটা শেষ হয়ে গেল।”

গনমাধ্যমের উপর নজরদারি করে এমন একটি সংস্থা অফকম জানিয়েছে, বিগ ব্রাদার ইস্যুতে এ পর্যন্ত তারা প্রায় ৪০ হাজার অভিযোগ পেয়েছে দর্শকদের কাছ থেকে।

ব্রিটিশ পত্র  -  পত্রিকাগুলো গতকাল শুক্রবারও বিষয়টি নিয়ে প্রথম পাতায় সচিত্র সংবাদ ছেপেছে।

বিগ ব্রাদার বিতর্কে জড়িয়ে পরেছেন ভারত ও ব্রিটেনের শীর্ষ রাজনীতিবিদরাও। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিমধ্যেই এ ব্যাপারে দরকারি ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। তার দফতর থেকে বিট্রেন সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে, ওই ঘটনার মাধ্যমে ব্রিটেনের বর্ণবাদ আইনের লঙ্ঘন হলো কিনা তা পর্যালোচনা করে দেখতে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বিগ ব্রাদার বিতর্ক সত্বেও বলিউডে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন ভারত সফররত ব্রিটিশ অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন। ভারতের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে সাক্ষাতের এক পর্যায়ে ব্রাউন বলিউডের একটি নাচের দৃশ্য দেখার আমন্ত্রণ পান। বলিউডের খ্যাতিমান প্রযোজক যশ চোপরার সাথে সাক্ষাৎ শেষে বলেছেন, “ শিল্পার প্রতি অনেকেরই সমর্থন রয়েছে। বিষয়টির গুরুত্ব আমরা সম্যক উপলদ্ধি করতে পারছি।”

ইউরোপের অন্যতম মোবাইল ফোন কোম্পানি কারফোন ওয়্যারহাউজ এই টিভি সিরিজের স্পন্সর হিসেবে বছরে ৩০ লাখ পাউন্ড দিয়ে থাকে। তারাও এ অনুষ্ঠান থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বর্ণবাদের অপবাদ পরেছে এমন কোন অনুষ্ঠানের সাথে তারা নিজেদের জড়াতে চায় না।

এক পারফিউম স্টোর গুডির ব্যবহৃত সেন্ট তাদের শলফ থেকে সরিয়ে ফেলেছে। এবং একটা মোটর ইনস্যুরেন্স কোম্পানি শিল্পার প্রতি বিরুপ আচরণ করা হাউজমেটদের একজন লয়েডকে আর তাদের মডেল হিসেবে ব্যবহার করবে না বলে জানিয়েছে।

তবে এই ঘটনার পর চ্যানেল ফোর এর এই অনুষ্ঠানের দর্শকসংখ্যা ২০ লাখ বেড়ে গেছে। অনুষ্ঠানটির প্রযোজক এন্ডেমল তার বার্ষিক ৯০০ মিলিয়ন ইউরোর ২০% রাজস্ব পায় বিগ ব্রাদার থেকে। বিগ ব্রাদার বিতর্ক তাদের শেয়ারমূল্যে কোন প্রভাব ফেলেনি।

ইতিমধ্যে ভারতের অনেক তারকা গুডির আচরণে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেও শীর্ষ তারকাদের অনেকেই এ ব্যপারে মন্তব্য করার সময় সতর্কতা অবলম্বন করছেন।  বলিউডের রাণী বলে পরিচিত রাণী মুখার্জি বলেছেন, “ আমি চাই শেঠীর ভালো হোক। তবে লন্ডনে মানুষজনের সাথে আমার অভিজ্ঞতা খুবই চমৎকার। দুএকজনের খারাপ আচরণের জন্য গোটা দেশ সম্পর্কে খারাপ মন্তব্য করা ঠিক হবে না।”

“অনুষ্ঠানটা আমি দেখিনি, ফলে এ সম্পর্কে আমি আসলে কিছু জানি না।” এ কথা বলে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন অমিতাভ বচ্চন। উল্লেখ্য ভারতে সফররত ব্রিটিশ অর্থমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বচ্চন এই মন্তব্য করেন।

ওদিকে শিল্পার পরিবার শিল্পাকে নিয়ে এখনো উদ্বেগের মধ্যে আছেন।  “আমরা তাকে রাজকন্যার আদরে বড় করেছি।” বলেছেন শিল্পার মা সুনন্দা শেঠী। “তার গত ৩১ বছরের জীবনে এই প্রথমবারের মতো সে আমাকে ছাড়া বাইরে গেল। এবার সে বুঝতে পারছে বাইরের দুনিয়ার মজাটা কেমন।”

কারাতেতে ব্লাকবেল্টধারী ৫ ফুট ১০ ইঞ্চির শিল্পা খেলাধুলা ভালবাসেন। সেই মেজাজ থেকেই তিনি এই গেম শোতে অংশ নিয়েছেন। এইচআইভি প্রতিরোধ ও প্রাণী অধিকার রক্ষার আন্দোলনেও শিল্পা জড়িত আছেন।

তার পরিবার থেকে জানানো হয়েছে, বিগ্র ব্রাদারে অংশ নেয়ার জন্য শিল্পা বেশ কিছু কাজ স্থগিত রেখেছে। বিগ্র ব্রাদার হাউজে অংশ নেয়ার মাধ্যমে সে ৬ লাখ ৮০ হাজার ডলার আয় করছে বলে জানা যায়। হাউজমেটদের মধ্যে এটাই সর্ব্বোচ্চ আয়।

“ স্রেফ টাকার জন্য ও এ খেলায় অংশ নেয়নি। ভগবানের কৃপায় আমরা ভালই আছি। ভাল লেগেছে বলেই ও এই গেম শোতে অংশ নিয়েছে।” বলেছেন সুনন্দা শেঠী। “তবে এই গোলযোগের মধ্য দিয়ে ওর পরিণত চরিত্র আর কিছু সুন্দর দিক উঠে এসেছে। এতো অপমানের মধ্যে ও ওর ভারতীয় সত্তাকে বিসর্জন দেয়নি।”