আশুরার সিনেমায় ইমাম হোসেনকে নিয়ে এসেছে অ্যানিমেটররা
লেবাননের কিছু এনিমেশন চলচ্চিত্রকার কারবালার কাহিনী নিয়ে তৈরি এক চলচ্চিত্রে বিশ্বনবী (সাঃ) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রাঃ) কে একটি চরিত্র হিসেবে নিয়ে আসছেন। ‘আরজ আল তাফ’ নামের ওই ছবি মুক্তি পাচ্ছে আশুরার সময়। ত্রিমাত্রিক এনিমেশনের ওই ছবিটি সুন্নীসহ সকল পর্যায়ের মুসলিমদের মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ব মুসলমানরা, বিশেষ করে শিয়ারা ৬৮০ সালে ইরাকের কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ ইমাম হোসেনের স্মরণে আশুরা দিবসটি পালন করে থাকে।
“ইমাম হোসেনকে নিয়ে তৈরি এটাই প্রথম চলচ্চিত্র, ” বলেছেন ওই ছবির নেপথ্যে থাকা বৈরুত প্রোডাকশন এর পরিচালক আহমেদ হোমানি।
“ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে এরই মধ্যে ছবিটি পরিবেশনের জন্য ইতিমধ্যেই অনুরোধ পেয়েছি আমরা। অধিকাংশ আরব দেশই এ ছবি পরিবেশনের ব্যপারে কথাবার্তা বলছে।”
ইমাম হোসেন (রাঃ) ছিলেন হজরত আলী (রাঃ) এর সন্তান এবং বিশ্বনবীর দৌহিত্র। শিয়ারা মনে করেন, নবীজীর মৃত্যুর পরে মুসলিম বিশ্বের নেতৃত্ব হজরত আলীর ও পরে তার উত্তরসূরীদের কাছে যাওয়া উচিত ছিল।
কারবালার যুদ্ধের সময় মুসলিম দুনিয়া শাসিত হতো দামাস্কাস থেকে ইয়াজিদের মাধ্যমে। তিনি ইমাম হোসেন (রাঃ) এর বিরুদ্ধে একদল সৈন্য পাঠান এবং হোসেন (রাঃ) কে তার বশ্যতা স্বীকার করে নিতে বলেন। ইমাম তা অস্বীকার করেন। পরিণতিতে পরিবার এবং কিছু অনুসারীসহ তাকে প্রাণ দিতে হয়।
“ইতিহাসের বইয়ে যেভাবে এ কাহিনী বিবৃত করা হয়েছে আমরা সেভাবেই চলচ্চিত্রটি বানিয়েছি, ” বলেছেন হোমানি। সুন্নী মুসলিম পন্ডিত ও ইতিহাসবিদের সুত্রে পাওয়া তথ্যের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে এর চিত্রনাট্য।
উল্লেখ্য, সুন্নীদের আশুরা ভাবনার থেকে শিয়াদের ভাবনা কিছুটা ভিন্ন। সুন্নীরা যেখানে ইমাম হোসেনকে নবীজীর পরিবারের একজন মনে করেন, সেখানে শিয়ারা তাকে মনে করেন নিষ্কলুষ স্বর্গীয় প্রেরণাসঞ্জাত এক মহামানব হিসেবে।
শিয়ারা ইমামের মৃত্যুর আগের নয়দিন কারবালার কাহিনী বিবৃত করে কাসিদা পাঠ ছাড়াও বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এ বছর এই অনুষ্ঠান শুরু হবে আগামী ২৯ জানুয়ারি থেকে। আশুরার দিন যথারীতি আয়োজন করা হবে তাজিয়া মিছিল তথা শোভাযাত্রার। এদিনে কারবালার কাহিনীসংবলিত নাটিকাও অনুষ্ঠিত হবে।
ইমাম হোসেন (রাঃ) সত্যের জন্য আত্মোৎসর্গ আর সাহসের প্রতীক হিসেবে বিবেচিত হন বিশ্বের সকল মুসলমানদের কাছে। দোর্দন্ড প্রতাপশালী ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য বিপ্লবের প্রতীক হিসেবেও শ্রদ্ধার আসনে রয়েছেন তিনি।
ইসলামে বিশিষ্টজনদের প্রতিকৃতি নির্মান নিষিদ্ধ বিধায় ‘আরজ আল তাফ’ ছবির নির্মাতারা এ ছবিতে ইমাম হোসেন (রাঃ) এর চেহারা একটা আলোকবলয় দিয়ে ঢেকে দিয়েছেন।
চলচ্চিত্রে ইমামের চরিত্রে কণ্ঠস্বর দিয়েছেন লেবাননের দ্রুজ অভিনেতা জিহাদ আল আতরাশ।
“এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর বেশ চ্যালেঞ্জ অনুভব করছিলাম।” বলেছেন আতরাশ। “চরিত্রটা খুবই কঠিন। বিপ্লব এবং বিশ্বাস, শক্তি ও আত্মোৎসর্গ সবকিছুই একসাথে ফুটিয়ে তুলতে হয়েছে।”
উল্লেখ্য, আরব বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক শিয়ার বাস ইরান, ইরাক ও লেবাননে।
