২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রের নয়, চলচ্চিত্রের দালি

পরাবস্তব চিত্রকর্মের কথা উঠলে অনিবার্যভাবে চলে আসে সালভাদর দালির নাম। কিন্তু চলচ্চিত্রের সঙ্গেও যে তার রয়েছে গভীর সখ্য সে কথাটা অনেকেরই অজানা। লন্ডনের টেট মডার্ন এক প্রদর্শনীর আয়োজন করেছেন সেই অজানা অধ্যায়টুকু তুলে ধরতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 03:30 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

‘দালি ও চলচ্চিত্র’ শীর্ষক এই প্রদর্শনীতে দেখানো হবে এই বিখ্যাত স্পেনিয় শিল্পীর চিত্রকর্ম, ভাস্কর্য ও তার কিছু  নথিপত্র এবং কিছু চলচ্চিত্র যেগুলি নির্মানের পেছনে তার বিশেষ সহযোগিতা ও অংশগ্রহণ ছিল। এর মধ্যে আছে লুই বুনুয়েল এর ‘আন চিয়েন আন্দালু ’ এবং আলফ্রেড হিচককের ‘স্পেলবাউন্ড’।

আগামী জুনের ১ তারিখ থেকে সেপ্টেস্বরের ৯ তারিখ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

গত বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে ওই প্রদর্শনীর কিউরেটর ম্যাথিউ গেল বলেন, “ওরকম একজন বিখ্যাত চিত্রকরের অনেক দিক এখনো অজানা আছে যা সত্যিই বেশ চমকপ্রদ। এই প্রদর্শনী সেরকম কিছু অজানা দিক উন্মোচন করবে।”

গেল জানান, ১৯০৪ সালে জন্ম নেয়া দালি শুরু থেকেই চলচ্চিত্র দ্বারা প্রভাবিত ছিলেন। হলিউডের নির্বাক যুগের কমেডিয়ান হ্যারি ল্যাংডন এবং বাস্টার কিটনের মতো তারকাদের ছবি মন্ত্রমুগ্ধের মতো দেখতে দেখতে বড় হয়েছেন তিনি।

চলচ্চিত্রের সাথে দালির ভালবাসার অন্যতম মাইলফলক পরিচালক বুনুয়েলের সাথে তার সম্পর্ক। মাদ্রিদে এই বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকারে শিষ্যত্ব বরণ করে নিয়েছিলেন তিনি।

১৯২৯ সালে দুই দিকপাল মিলে তাদের প্রথম ছবি ‘উন চিয়েন আন্দালু’ তৈরি করেন। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি প্যারিসে মুক্তি পাওয়ার পর ব্যপক আলোড়ন তোলে। ছবিতে একটা অস্মিরণীয় দৃশ্য ছিল যেখানে রেজার দিয়ে একটা অক্ষিগোলককে টুকরা টুকরা করতে দেখা যায়।

১৯৩০ সালে দালি-বুনুয়েল তৈরি করেন তাদের দ্বিতীয় ছবি ‘ল’এজ ডি’অর’। ধর্ম, পরিবার, রাজনীতির মতো প্রতিষ্ঠানগুলোকে আঘাত করার অভিয়োগে এ ছবি দর্শকরা প্রত্যাখান করেন, ছবিটি ফ্রান্সে নিষিদ্ধ ঘোষনা করা হয়।

১৯৩০ এবং ১৯৪০ এর দশকে দালির আগ্রহ চলে যায় হলিউডের দিকে। সেখানে তিনি বিখ্যাত চলচ্চিত্রকার আলফ্রেড হিচককের সাথে কিছুদিন কাজ করেন। হিচকক পরিচালিত ‘স্পেলবাউন্ড’ এর একটা স্বপ্ন দৃশ্যে সেই কাজের নমুনা রয়ে গেছে।

ওয়াল্ট ডিজনির স্টুডিওর একটি কার্টুন প্রডাকশন ‘ডেস্টিনো’র স্টোরি বোর্ড তৈরির কাজটাও করে দিয়েছিলেন দালি। তবে তার জীবদ্দশায় ‘ডেস্টিনো’ মুক্তি পায়নি। ঘটনাচক্রে সেই ছবি মুক্তি পেয়েছে ২০০৩ সালে।

চলচ্চিত্রের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির প্রতিকৃতিও করেছিলেন দালি। এর মধ্যে রয়েছে শার্লি টেম্পল, লরেন্স অলিভিয়ের প্রমুখ।