লন্ডনে বর্ণবৈষম্যের শিকার হলেন শিল্পা শেঠী
বর্ণবাদ যে কত মারাত্মক সেটা লন্ডন, নিউইয়র্কের অভিবাসী এশিয় মাত্রেই জানেন। পশ্চিমের যে কোন দেশেই যান, তাদের আচার-আচরণ লক্ষ্য করলেই বোঝা যাবে ভারতীয় বা বাংলাদেশী তথা এশিয় যে কারো দিকে অদৃশ্য এক তর্জনী উ্চিয়ে আছেন তারা সর্বদাই যার মর্মার্থ : ব্যাটা তুই তো কালারড বা কালা আদমী। বলিউডের প্রথম সারির নায়িকা হয়েও এই তাচ্ছিল্য থেকে রেহাই পেলেন না শিল্পা শেঠীও। ব্রিটিশ এক টেলিভিশন শো ‘ সেলিব্রিটি বিগ ব্রাদার’ এ অংশ নিতে গিয়ে রীতিমতো কাঁদতে হলো তাকে এজন্য। ঘটনার প্রতিক্রিয়ায় ব্রিটেন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সোচ্চার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভারত সরকার ইতিমধ্যে এ ব্যপারে ব্যাখ্যা চেয়েছে ব্রিটিশ সরকারের কাছে। ব্রিটিশ পার্লামেন্টেও উত্থাপনের পর বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্র“তি দিয়েছেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
কয়েকটা কামরা নিয়ে তৈরি একটা কমপ্লেক্সে ‘বিগ ব্রাদার শো’ অনুষ্ঠিত হয়। এর সঙ্গে একটা বাগানও আছে। শো চলাকালে অংশগ্রহণকারীরা ভিতরে একরকম বন্দী থাকেন। প্রত্যেক কামরায় ফিট করে রাখা গোপন ক্যামেরা দিয়ে সারাদিন তাদের কার্যকলাপ রেকর্ড করা হয়। রাতে দেখানো হয় এসবের হাইলাইটস। তাদের কার্যকলাপ দেখে দর্শকরা ভোট দিয়ে প্রতি সপ্তাহে একজনকে বাদ দেন। এভাবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন যিনি তিনিই হবেন বিজয়ী। ভারতে এ শো দেখা যায় না। তবে ভারতেও ‘বিগ বস’ নামে এ ধরণের একটি অনুষ্ঠান হয়।
ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অধিকাংশই ব্রিটিশ। শিল্পার নাম নিয়ে তারা মজা করেছেন, তার ভারতীয় অবস্থান এমনকি খাদ্যাভ্যাস নিয়েও কটুক্তি করেছেন। বলিউডের এই প্রথম সারির নায়িকাকে তারা ‘কুকুর’ বলেও ডেকেছেন। এসবকিছুর পরেই শিল্পা বিগ্র ব্রাদার শো এর এক কামরায় কান্নায় ভেঙে পরেন।
ব্রিটিশ গনমাধ্যম জানায়, অনেক দর্শক অভিযোগ করেছেন ওই অনুষ্ঠানের ৯ জন হাউজমেটের মধ্যে কমপক্ষে তিনজনের দ্বারা শিল্পা শেঠী আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন জেড গুডি যিনি এই অনুষ্ঠানে আগেও এসেছেন।
জেড গুডির বয়স ২৫। শিল্পা শেঠীর ৩১ চলছে। এই শো এর পর দর্শকদের রায়ে এদের একজন এই রিয়ালিটি টেরিভিশন সিরিজ থেকে বিদায় নেবেন আগামী শুক্রবার।
গুডি ও শেঠী গত বুধবার রান্না নিয়েও বিবাদে লিপ্ত হন। অকথ্য ভাষায় গুডি তখন শেঠীকে আক্রমণ করেন। “তুমি হয়তো কোন অজানা দেশের ...(ছাপার অযোগ্য) রাজকন্যা, কিন্তু আমি সেখানে মলত্যাগও করিনা।.. .তুমি একটা মিথ্যুক, একটা ভুয়া। ”
তবে এই ঘটনার প্রেক্ষিতেও গুডি, যে কিনা এর আগের সিরিজগুলোতে বেশ নাম করেছিল, সে এবার ৫-১ ভোটে হারতে চলেছে বলে জানিয়েছে ওই শো এর সঙ্গে সংশ্লিষ্ট একজন। তিনি বলেন, “ আমরা সবসময় জেডকে পছন্দ করে এসেছি। কিন্তু এবারের কর্মকান্ডে তার সব অর্জন ভেস্তে গেছে।”
ওই শো দেখে কমপক্ষে ২০ হাজার দর্শক অভিযোগ করেছেন যে শিল্পা বর্ণবাদী নির্যাতনের শিকার হয়েছেন।
ভারতের প্রায় সবগুলো চ্যানেলে শিল্পা শেঠীর ক্রন্দনরত ছবি ও প্রতিবেদন প্রচার করছে। ভারতও ইংলন্ডের অধিকাংশ পত্রিকায় এ নিয়ে প্রথম পৃষ্ঠায় সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। এমনকি লন্ডনের ফিনান্সিয়াল টাইমস - এও ব্রিটিশ অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনের ভারত সফরকে ছাপিয়ে উঠেছে এই খবর।
ব্রিটিশ পার্লামেন্টের লোয়ার হাউজে বিষয়টি উত্থাপিত হয়েছে।। লন্ডনের পুলিশ দুটো ই-মেইল খতিয়ে দেখছে যেখানে ‘কিছু হাউজমেটের ব্যাপারে অনিদ্দিষ্ট ভীতি’ র কথা উল্লেখ করা হয়েছে। মেইল দুটি পাঠানো হয়েছিল চ্যানেল ফোর বরাবর যারা এই শো’টি দেখিয়ে থাকে।
এই অনুষ্ঠানের পরিবশেক চ্যানেল ফোর অবশ্য বলছে, তাদের অনুষ্ঠানে কোনরকম বর্ণবাদী নিপীড়নের ঘটনা ঘটেনি। এ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেছে, সাংস্কৃতিক ও শ্রেণীদ্বন্ধের চিত্রই ফুটে উঠেছে এ ঘটনায়।
বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে ভারতের জুনিয়র পররাষ্ট্র মন্ত্রী আনন্দ শর্মা বলেন, “ অন্য একটা দেশে এই কান্ডটা হয়েছে। আমরা তীব্রভাবে এ ঘটনার প্রতিবাদ করছি। ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়ার পর আমরা যথাযথ ব্যবস্থা নেবো।”
“বিগ ব্রাদারে যা হচ্ছে তা আসলে পশ্চিমা সমাজের মুখোশ খুলে দিচ্ছে” বলিউডের অন্যতম খ্যাতিমান পরিচালক মহেশ ভাট রয়টার্সকে বলেছেন ,“এটাই বৈষম্যবাদী পশ্চিমের আসল চেহারা, লন্ডন বা নিউইয়র্কের রাস্তায় যা হরহামেশাই দেখা যায়।”
বলিউডের অনেক অভিনেতা - অভিনেত্রী ও পরিচালক রয়টার্সকে বলেছেন, ওই অনুষ্ঠান তারা সবাই দেখেননি, কিন্তু ওই ঘটনা শুনে তারা খুবই ক্ষুদ্ধ। কেউ কেউ বলেছেন শিল্পার উচিত অবিলম্বে ওই শো থেকে বেরিয়ে আসা।
“ পশ্চিমের সামাজিক ভাবনায় বর্ণবাদ এমনভাবে ঢুকে পরেছে যে এটাকে ঠিক করা মুশকিল” আফসোস করে বলেছেন পরিচালক শ্যাম বেনেগাল।
বাইরে যে এতো গোলযোগ তা কিন্তু শিল্পা বা তার হাউজমেটরা কেউ জানতে পারছেন না। শো তে অংশ নেয়ার পর বাইরের দুনিয়া থেকে তাদের একরকম বিচ্ছিন্ন করেই রাখা হয়।
এতোকিছুর পরও বিষয়টিকে স্রেফ প্রচারণার কৌশল বলে উড়িয়ে দিতে চাচ্ছেন কেউ কেউ। অনেকে বলেছেন শো’টি জনপ্রিয় করার কৌশল হিসেবেই এ কাজ করা হয়েছে। পরিচালক সুজয় শ্যাম বলেছেন, “ এটা কি বর্ণবাদ নাকি হিসেব কষা ঈর্ষার প্রদর্শনী? ভেবে দেখুন, এতোসব বিতর্ক থেকে কিন্তু সবচেয়ে লাভবান হচ্ছে ওই শো, বাড়ছে তার জনপ্রিয়তা। ” এনডিটিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে শেঠীর বোন শমিতা শেঠীও বিষয়টিকে ততটা গুরুত্ব দিয়ে বর্ণনা করেননি। শেঠীর মা সুনন্দা শেঠীও অনেকটা নিস্পৃহভাবে বলেছেন, “আমার মেয়ে খুব কঠিন টাইপের মেয়ে। আমি আশা করি সে এ পরিস্থিতি সামাল দিতে পারবে।”
ওই অনুষ্ঠানের গত বুধবার রাতের শো তে শিল্পা জানতে চেয়েছিলেন স্রেফ ভারতীয় বলেই তাকে নিগ্রহের শিকার হতে হচ্ছে কিনা। তার এক হাউজমেট গায়ক মাইকেল জ্যাকসনের বড় ভাই জেরেমেইন জ্যাকসন এর জবাব দিতে গিয়ে বলেছেন, “ না, তুমি ভারতীয় বলে নয়, তোমার শ্রেণী অবস্থানের কারণেই তুমি এর শিকার।”
শিল্পা অবশ্য এর জবাবে বলেছেন, “ আমি আমার দেশকেই রিপ্রেজেন্ট করছি। আর আজকের যুক্তরাজ্যের এই অবস্থা? এ তো রীতিমতো ভীতকর।”
