স্করসেসের 'দি ডিপার্টেড' এর প্রদর্শনী আটকে দিয়েছে চীন
চীনের চলচ্চিত্র সেন্সর বোর্ড গোল্ডেন গ্লোব সম্মানে ভূষিত চলচ্চিত্র ‘দি ডিপার্টেড’ এর ব্যাপারে ব্যাপক আপত্তি প্রকাশ করেছে। এর ফলস্বরূপ চীনের প্রেক্ষাগৃহে সম্ভবত প্রদর্শিত হবে না চলচ্চিত্রটি। চীন সরকারের বিভিন্ন সূত্র বুধবার এ তথ্য জানায়। চলচ্চিত্রটিতে সেনাবাহিনীর যন্ত্রপাতি কেনা বিষয়ে চীন সরকারের একটি পরিকল্পনার কথা উল্লেখ আছে যার প্রতি মূলত দৃষ্টি আকৃষ্ট হয়েছে সরকারের।
দি ডিপার্টেড’ এর জন্য মার্টিন স্করসেস গতকাল সোমবার সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে গোল্ডেন গ্লোব জয় করেন। এটি মূলত একটি ক্রাইম থ্রিলার। অনেকে আশা করছেন এই ছবির জন্য প্রথমবারের মতো অস্কার পাবেন স্করসেস।
সূত্র জানায়, “চীনের সেন্সর বোর্ডের খড়গ থেকে চলচ্চিত্রটির বেরিয়ে আসার কোনোই সম্ভাবনা নেই। কারন ছবির কাহিনীতে বেইজিংয়ের উন্নতপ্রযুক্তির কম্পিইটার যন্ত্রপাতি কেনার পরিকল্পনার অংশটুকু পরিবর্তন করার ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে আপত্তি ছিলো।” সেইসঙ্গে সে আরো যোগ করে,“ অথচ এই অংশটুকুর আসলে কোনো প্রয়োজন ছিলো না।”
“চীন কর্তৃপক্ষ বুঝতে পারছে না ঠিক কোন কারনে চলচ্চিত্রটির এ অংশে চীনকে জড়ানো হলো। তারা ইরাক, ইরান অথবা অন্যকোনো দেশকে টেনে আনতে পারতো। চীনকে আনার কোনো কারণ নেই।”
চীন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে চলচ্চিত্রটি দেখার ব্যাপারে আরো আগ্রহী হয়ে উঠেছে চীনা চলচ্চিত্রমোদীরা। তাই ইতিমধ্যে চলচ্চিত্রটির চোরাই ডিভিডি দেদারছে বিক্রি হচ্ছে চীনের রাস্তাঘাটে।
‘দি ডিপারটেড’ এর কাহিনী আবর্তিত হয়েছে পুলিশ বনাম অপরাধীচক্রের নানান কর্মকান্ডকে ঘিরে যাতে অভিনয় করেছেন জ্যাক নিকলসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং ম্যাট ডেমন প্রমুখ।
