২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বাগদান সম্পন্ন

আর লুকোচুরি নয়। অথবা বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দেওয়ারও উপায় নেই। খোদ বচ্চন পরিবারই খবরটির সত্যতা স্বীকার করেছে। বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে রোববার বাগদান সম্পন্ন হলো বচ্চন পুত্র অভিষেক এবং সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়ের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 04:02 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এই দু’জনকে ঘিরে অনেকদিন থেকেই নানা ধরনের গুজব শোনা গেলেও কখনোই তারা তাদের সম্পর্কের বিষয়ে মুখ  খোলেননি। সবসময়ই তারা মিডিয়ার কাছে নিজেদের সম্পর্ককে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে দাবি করে এসেছেন। কিন্তু সবাই অনুমান করেছিলো তলে তলে জল অনেকদুর গড়িয়েছে। ফলে তাদেরকে ঘিরে গজিয়েছিলো গুজবের নানা ডালপালা।

গতকাল রবিবার ছিলো হিন্দু ধর্মের এক বিশেষ দিন। এদিন সন্ধায়ই একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক ঐশ্বরিয়ার হাতে পরিয়ে দেন হীরক অঙ্গুরীয়। এই হীরার আংটি পরিয়ে দেয়ার মাধ্যমেই ঐশ্বরিয়া-অভিষেকের বাগদান সম্পন্ন হলো।

বচ্চন পরিবারের পক্ষ থেকে অমিতাভ বচ্চন জানান, “বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি।” তবে ভারতীয় চ্যানেলগুলো বলছে, আগামী মাসের মধ্যেই বিয়ের সকল অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বাগদানের খবর ছড়িয়ে পড়ার পরেই মুম্বাইয়ে বচ্চনের বাড়ির সামনে বিপুল পরিমাণ লোকের সমাগম হয়। সেখানে তারা সারারাত নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে।

সোমবার সকালে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, শিল্পপতি ও রাজনীতিবিদ বচ্চনের বাড়িতে গিয়ে এই নব দম্পতিকে অভিনন্দন জানান।

অভিষেক বচ্চনের বয়স এখন ৩০। ঐশ্বরিয়া তার থেকেও বছর তিনেক এগিয়ে। অনেকদিন থেকেই তারা বলিউডের চলচ্চিত্র অঙ্গনকে মাতিয়ে রেখেছেন তাদের অভিনয় শৈলীর মাধ্যমে। দু’জন একসঙ্গে পাঁচটি চলচ্চিত্রেও অভিনয়ও করেছেন।

অমিতাভ বচ্চন জানায় গত সপ্তাহে নিউ ইয়র্কে এই জুটির সর্বশেষ চলচ্চিত্র ‘গুরু’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অভিষেক ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। ৬৪ বছর বয়ষ্ক অমিতাভ প্রস্তাবের ফলাফল সম্পর্কে জানান, “ সেই প্রস্তাবে ঐশ্বরিয়া ইতিবাচক সাড়া দেয় এবং আমরা সবাই এতে খুব খুশি।”

ঐশ্বরিয়া এ পর্যন্ত প্রায় ৪০ টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাবে ভূষিত হয়েছিলেন। অন্যদিকে অভিষেকও ৪০ টির মতো ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।