২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস সচেতনতা বাড়াতে যৌনকর্মীদের সঙ্গে নাচলেন গেরে

হলিউড অভিনেতা রিচার্ড গেরের ‘প্রিটি ওমেন’ চলচ্চিত্রটির কথা মনে আছে? সেখানে তিনি একজন যৌনকর্মীর (জুলিয়া রবার্টস) বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। চলচ্চিত্রটির এক পর্যায়ে তিনি জুলিয়ার উদ্দেশ্যে বলেছিলেন, “তুমি সত্যিই অনন্য। তুমি আমাকে যা দিলে তা সত্যিই রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

তবে এবার আর রুপালী পর্দায় নয়। বাস্তব জীবনেই সহস্রাধিক যৌনকর্মীর সঙ্গে নাচলেন গেরে। অর্থ উপার্জন বা স্রেফ মজা করার জন্য নয়, তার এই উদ্যোগের উদ্দেশ্য মহৎ। হিন্দি চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে নেচে এবং গেয়ে তিনি এইচআইভি ও এইডস এর বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করেছেন। নিরোধক ছাড়া যৌনকর্ম না করার ব্যাপারে তিনি যৌনকর্মীদের উপদেশ দেন।

বুধবার মুম্বাইয়ের এক জনাকীর্ণ মাঠে এ ঘটনা ঘটে। মাইক্রোফোনে গেরে বারবার বলতে থাকেন, ‘নো কনডম নো সেক্স। নো কনডম নো সেক্স।’ সেসময় তার এ আহ্বানে সাড়া দিয়ে গলা মেলায় উপস্থিত প্রায় দশ হাজার যৌনকর্মী। বাদামী জ্যাকেট এবং কালো ট্রাউজার্স পরিহিত গেরে সবশেষে এইচআইভি/এইডস সচেতনতা কর্মকান্ডের সঙ্গে জড়িত যৌনকর্মীদের পুরস্কৃত করেন। 

অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে গেরে বলেন, “এটা সত্যিকার অর্থেই অতুলনীয়। এখানে আমরা যেটা করলাম সেটা আমেরিকা অথবা ইউরোপ এমনকি এশিয়ার অন্য কোথাও ঘটানো সম্ভব হবে না।”

জাতিসংঘের হিসাব মতে ভারতে প্রায় ৫৭ লক্ষ লোক এইচআইভি/এইডস এ আক্রান্ত। আক্রান্তদের অধিকাংশই যৌনকর্মী। অন্যদিকে মুম্বাইয়ে রয়েছে প্রায় ৬ লক্ষ যৌনকর্মী। তাদের অনেকেই যৌনপল্লীতে বসবাস করে না । ফলে এদের মধ্যে পুরোপুরি এইচআইভি কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।