বড় পর্দায় আসছে অ্যাবা’র ‘মামা মিয়া’
একসময়কার জনপ্রিয় ব্যান্ড দল অ্যাবা এর ‘মামা মিয়া’ গানটি অবলম্বনে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র। টম হাঙ্কস চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক আর মেরিল স্ট্রিপ এতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।
চলচ্চিত্রের কাহিনী বেশ নাটকীয়। পুরোটাই আবর্তিত হয়েছে বিয়ে ঠিকঠাক হওয়া এক মেয়ে এবং তার মাকে নিয়ে। মেয়েটি বড় হয়েছে গ্রিক আইল্যান্ডে কিন্তু সে জানে না তার বাবা কে। তার মাও কখনো তাকে এ বিষয়ে কিছু বলেননি। মেয়েটি মনে মনে খুঁজতে থাকে সম্ভাব্য বাবাকে। এভাবে সে তিনজন লোককে খুঁজে বের করে যার ভেতর একজন তারা বাবা। তাদের তিনজনকেই সে তার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করে। এভাবেই এগুতে থাকে গল্প। এখানে মেয়ের মার চরিত্রে অভিনয় করছেন মেরিল স্ট্রিপ।
মুভি তৈরি হওয়ার আগেই এই বিখ্যাত গানটিকে নিয়ে তৈরি হয়েছে গীতিনাট্য এবং সেটি জনপ্রিয়তাও পেয়েছে ব্যাপক। ১৯৯৯ সালে মঞ্চে আসার পর এটি ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশী আয় করে নিয়েছে।
এতদিন মঞ্চ নাটকের মাধ্যমে মানুষের মন জয় করার পর ফিলিডা লয়েড ‘মামা মিয়া’ পরিচালনার মাধ্যমে মুভি পরিচালনায় অভিষিক্ত হতে যাচ্ছেন। ইউনিভার্সাল পিকচার্স এর জন্য তৈরি করা এ মুভিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে টম হাঙ্কসের প্লেটোন প্রোডাকশন কোম্পানি। এর নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন চারজন। তারমধ্যে দু’জন অ্যাবা গ্র“পের সদস্য এবং গীতিকার বেনি অ্যান্ডারসন ও জর্ন উলভেস। অন্যজন টম হাঙ্কসের স্ত্রী রিটা উইলসন। আর টম হাঙ্কস নিজেতো রয়েছেনই। মুভিটিতে অ্যাবা’র বিখ্যাত ‘ড্যান্সিং কুইন’, ‘টেক এ চান্স টু মি’, এবং ‘দি উইনার টেকস ইট অল’সহ মোট ২২ টি গান ব্যবহৃত হবে।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ক্যাথরিন জনসন। তিনিই জুডি ক্রেমারের সঙ্গে সম্মিলিতভাবে মামা মিয়ার গীতিনাট্য লিখেছিলেন। প্রযোজনা করছেন জুডি ক্রেমার নিজেই।
