২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটানিক পরিচালক এবার নিয়ে আসছেন সায়েন্স ফিকশন

টাইটানিক ছবির বিপুল সাফল্যের পর এবার জেমস ক্যামেরন শুরু করেছেন তার পরবর্তী ছবি ‘অবতার’। বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর এ ছবিটি চিত্রায়িত হবে থ্রি-ডি ফরম্যাটে। খবরটা জানিয়েছে ফক্স ফিল্মড এন্টারটেইনমেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আগামী এপ্রিলে ছবির ভার্চুয়াল ফটোগ্রাফির কাজ শুরু করবেন ক্যামেরন। শ্যুটিং শুরু হবে আগস্টে।  থ্রিডি ফরম্যাটে ছবিটি মুক্তি পাবে ২০০৯ সালের শুরুতে।

এ কবছর কি তাহলে কিছুই করেননি ক্যামেরন? করেছেন।

“হলিউডের সবচেয়ে ব্যস্ততম বেকার পরিচালক হলাম আমি।” হাসতে হাসতে বলেছেন ক্যামেরন। এটা যে নিতান্তই রসিকতা সেটা বোঝা যাবে তার পরের কথাতেই,  “তবে এই সময়ে এমন সব কাজ করেছি যা প্রেক্ষাগৃহে বসে ছবি দেখতে গিয়ে টের পাবে দর্শক। আসন থেকে ছিটকে পরে দেয়ালে বাড়ি খাওয়ার মতো অবস্থা হবে দর্শকদের।” কাজের ধরণটা ব্যাখ্যা করতে গিয়ে জিম বলেছেন “আসলে আমরা প্রথম ‘২০০১ : এ স্পেস অডেসি’ বা আমাদের পরের জেনারেশন ‘স্টার ওয়ারস’ দেখে যে মনোমুগ্ধকর এক রহস্যের জগতে আজনবীর মতো হাজির হয়েছিলাম, সেরকম কিছু মুহুর্ত আবার তৈরি করতে চাই।”

অবতার এর চিত্রনাট্য ক্যামরনের নিজেরই করা। ১১ বছর আগে তিনি প্রথমবারের মতো সাইফাই চিত্রনাট্য লিখেছিলেন ‘টার্মিনেটর টু’ এর জন্য।

অবতার এর কাহিনী অনেকটা এরকম : প্রাক্তন এক মেরিন সেনাকে তার ইচ্ছার বিরুদ্ধে পাঠানো হয়েছে দুরের গ্রহ প্যান্ডোরাতে বসবাস এবং সেখান থেকে বিশেষ ফায়দা হাসিলের জন্য। ওই গ্রহের অধিবাসীদের এক যুদ্ধে সে জড়িয়ে পরে সে এবং তাদের একজনের প্রেমে পরে যায়।

এর আগে কমিক কাহিনীভিত্তিক সাইফাই এডভেঞ্চার ‘ব্যাটল এঞ্জেল আলিটা’ বানানোর উদ্যোগ নিয়েছিলেন ক্যামেরন। কিন্তু চিত্রনাট্যকার ব্যর্থ হলে তিনি ওই প্রকল্প বাদ দিয়ে ‘অবতার’ নিয়ে কাজ শুরু করেন ২০০৫ সালের মে মাসে।

এতোদিন পরে ছবি বানানোর কাজে ফিরে আসা প্রসঙ্গে জিম ক্যামেরন বলেন, “একটা বিখ্যাত ছবি বানানোর দীর্ঘদিন পরে আপনি আবার যখন ছবি বানাতে আসেন তখন স্বাভাবিকভাবেই আপনার ভাবনা থাকবে এটা যেন আগের সব রেকর্ড ভেঙে ফেলতে পারে। আমিও সেটা করতে চাই।”

ছবির প্রধান চরিত্র ২২ বছর বয়সী জ্যাক স্যালির জন্য ক্যামেরন নতুন অভিনেতা খুঁজছিলেন। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ান অভিনেতা স্যাম ওয়ার্থিংটনকে নির্বাচিত করা হয়েছে। ওয়ার্থিংটন ‘সমারসল্ট’ ও ‘ডার্টি ডিডস’ এ অভিনয় করেছেন। এছাড়া জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্যও বিবেচিত হয়েছিলেন একবার। তার সম্পর্কে ক্যামেরন বলেছেন, “ ওর ওজন ঠিক আছে, বেশ কঠোর প্রকৃতির ছেলে...একেবারে তরুন বয়সের রাসেল ক্রো।” স্যালির প্রেমিকা চরিত্রে অভিনয় করবেন ‘দি টার্মিনাল’ ও ‘পাইরেটস’ খ্যাত  জো সালদানা।

ক্যামেরন ইতিমধ্যেই আর এন্ড ডি তে মাল্টিপল প্রসেস নিয়ে কাজ করেছেন। যার সুবাদে ১৯০ মিলিয়ন ডলার ব্যয়ে হাইব্রিড লাইভ একশন ও এনিমেশন দেখাতে পারবেন তিনি। স্পেশাল ইফেক্টের মাধ্যমে এই মজাদার মুহুর্তগুলো তৈরি করার জন্য গত ১০ বছর ব্যয় করেছেন এই বিখ্যাত পরিচালক।

শ্যুটিং নিয়ে ক্যামেরন মোটেই চিন্তিত নন। বলেছেন, “আমরা শুটিং করবো মাত্র ৩১ দিন। এর ভিতরে যেসব লাইভ একশন সব হবে মঞ্চের উপরে। ফলে কোন ঝামেলা নাই। ইনডোর শুটিং বিধায় আবহাওয়া নিয়েও মাথা ঘামাতে হবে না।”

আসল কাজ শুরু হবে শ্যুটিং এর পরে। “ ইতিমধ্যে ১০ মিনিট শুটিংও করা হয়েছে। স্পেশাল ইফেক্ট বাহিনী চরিত্রগুলো ডিজাইনের কাজ সেরে ফেলেছেন, অ্যানিমেশনের কাজ চলছে।” জানিয়েছেন ক্যামেরন।

ক্যামরেন জানিয়েছেন, ছবির ৬০% হবে কম্পিউটারে করা, ৪০% থাকবে লাইভ একশন।

‘ঘোস্টস অফ দি অ্যাবিস’সহ ৬টি প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করার সময় থেকেই ক্যামেরনের লাইটস্টর্ম এন্টারটেইনমেন্ট এর কর্মীরা গবেষনা করে আসছেন ‘অবতার’ ছবির জন্য কী করে লাইভ একশন সিনেমাটোগ্রাফির আর ভার্চুয়াল ফটোরিয়ালিস্টিক টেকটিককে একযোগে কাজে লাগানো যায়।

‘অবতার’ এর মূল ফটোগ্রাফির কাজ হবে লস এঞ্জেলসের আশেপাশে আর নিউজিল্যান্ডে। ছবির ভিজুয়াল ইফেক্টের কাজ নিয়ন্ত্রণ করবে ওয়েলিংটনে অবস্থিত ‘লর্ড অব দি রিং’ এর পরিচালক পিটার জ্যাকসনের অস্কার বিজয়ী প্রোডাকশন হাউস ওয়েটাল ডিজিটাল।