২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের অপেরা হাউজে সঞ্জয় লীলা বানশালি

এক ‘দেবদাস’ করেই মাত করে দিয়েছিলেন বলিউড। তার ঢেউ যে পশ্চিমেও আছড়ে পরেছে সেটা টের পাওয়া গেল সম্প্রতি ফ্রান্সের নামী অপেরা হাউজ থিয়েটার দ্যু শতেল থেকে পাওয়া এক আমন্ত্রনে। তার অপেরাসুলভ সেটের গীতল চলচ্চিত্র দেবদাস দেখে মুগ্ধ হয়ে শতেল থিয়েটার সম্প্রতি সঞ্জয় লীলা বানসালিকে আমন্ত্রণ জানিয়েছে তাদের এক মঞ্চ প্রযোজনার কাজে অংশ নিতে। গত বৃহষ্পতিবার ভারতের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এ খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

‘এ এক বিরল সম্মান।’ টাইমস অফ ইন্ডিয়াকে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বানসালি আরও বলেছেন, ‘অপেরা নিয়ে আমার ভাবনাচিন্তাকে মঞ্চে তুলে ধরার দারুন সুযোগ এটি।’

প্যারিসের থিয়েটার দ্যু শতেল থেকে অবশ্য এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

বানসালির মতো আর দুজন বিখ্যাত চলচ্চিত্রকার এই উদ্যোগে আমন্ত্রণ পেয়েছেন- হলিউডের অভিনেতা-পরিচালক উডি অ্যালেন ও ‘হাউজ অফ ফ্লাইং ড্যাগারস’ এর পরিচালক ইমৌ ঝাং।

‘ইতিমধ্যেই আমি খুব নার্ভাস হয়ে পরেছি। বিশাল ব্যয়বহুল প্রযোজনা হবে এটা। অনেক পাত্র-পাত্রী, খরচও হবে অনেক।’ বলেছেন বানসালি। ১৯২০ সালের এক ফরাসি লেখকের গল্পনির্ভর এই অপেরার শিরোনাম এখনো ঠিক হয়নি। টাইমস অফ ইন্ডিয়া লেখকের নাম জানায়নি।

অপেরার কাজে ২০০৮ সালের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাস বানসালিকে প্যারিসে থাকতে হবে। ওই বছরই অপেরাটি মঞ্চস্থ হবে।