২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালতামামি চলচ্চিত্র : রেকর্ড সংখ্যক চলচ্চিত্র মুক্তি পেয়েছে এ বছর

ঢাকার চলচ্চিত্র আরও একটি বছর অতিক্রম করলো। তবে অন্যান্য বছর থেকে এই বছরটা ছিল একটু অন্য রকম। এই বছরই ১০২টি ছবি মুক্তি পেয়ে ইতিহাস সৃষ্টি করলো ঢাকার চলচ্চিত্র। গত ৫০ বছরের ইতিহাসে একশ’র বেশি চলচ্চিত্র মুক্তি পাবার ঘটনা এই প্রথম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

এফডিসি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০০৬ সালের ১১ জানুয়ারি ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায় ১১টি ছবি। আর এই ১১ টি ছবি দিয়েই ২০০৬ সালে যাত্রা শুরু করে ঢাকার চলচ্চিত্র।

সবচেয়ে আনন্দের খবর হচ্ছে এই অশ্লীলতার মাঝেও ২০০৬ সালে মুক্তি পাওয়া আবু সাইয়ীদের ‘নিরন্তর’ ছবিটি দুটি

আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। দুটিই আসে ভারত থেকে। একটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৩৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় পুরস্কার রৌপ্য ময়ূর। এরপর ১১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি হিসেবে নির্বাচিত হয় ‘নিরন্তর’। উল্লেখ্য ‘নিরন্তর’ ছবিটি হুমায়ুন আহমেদের ‘জনম জনম’ উপন্যাস অবলম্বনে নির্মিত।

অন্যান্য বছরের মতো ২০০৬ সালেও ঢালিউডে অশ্লীলতা ও কাটপিসের ধারা অব্যাহত ছিল। তবে এর মাঝে কয়েকটি পরিচ্ছন্ন ছবি সুপার হিট ব্যবসা করে অশ্লীল ছবির নির্মাতাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে দিলীপ বিশ্বাসের ‘মায়ের মর্যাদা’, এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ‘পিতার আসন’, এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’ ছবিগুলো চলচ্চিত্র অঙ্গনে বইয়ে দেয় সুবাতাস।

কিছু চমকও ছিল এবছর।

সুদর্শন নায়ক রিয়াজ প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘হৃদয়ের কথা’ ছবির মাধ্যমে।

দীর্ঘ একযুগ পর চলচ্চিত্রে ফিরে আসেন রোজিনা। মতিন রহমানের ‘রাক্ষুসী’ ছবিতে সিনেমা দর্শকরা তার বিপরীত দেখতে পান ফেরদৌসকে।

দিদারুল আলম বাদলের ‘না বোলো না’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো অতিথি শিল্পী হিসেব অভিনয় করেন ববিতা ও ফেরদৌস।

এবছরই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী কবরী সারোয়ার।

ইটিভির জনপ্রিয় খবর পাঠিকা সামিয়া জামান চলচ্চিত্র পরিচালনায় আসেন ‘রানী কুঠির বাকী’ ইতিহাস ছবির মাধ্যমে।

দীর্ঘ বিরতীর পর বরেণ্য নির্মাতা আজিজুর রহমান ‘দুঃখিনী জোহরা’ ও ‘ডাক্তার বাড়ি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে ফিরে আসেন।

‘ডাক্তার বাড়ি’ ছবির মাধ্যমে নতুন রূপে চলচ্চিত্রে ফেরেন শাবনাজ। এ বছরই তার স্বামী নাঈম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবিতে।

বছরের শেষ সপ্তাহে ঢালিউডের সর্বকনিষ্ঠ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় ছবি ‘মন ছুঁয়েছে মনে’র মহরত সম্পন্ন করেন। আর এই ছবির মাধ্যমেই নৃত্য নির্দেশক হিসেবে চলচ্চিত্রে আসেন নৃত্যশিল্পী ফারজানা খাঁন ইলা।

বেসরকারী স্যাটেলাইট চ্যানেল এনটিভি এ বছর ‘বিদ্রোহী পদ্মা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনায় আসে।

এফ ডি সি, সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৬ সালের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কিছু ছবি ও তারকাদের নাম দেওয়া হলো-

২০০৬ সালের ব্যবসা সফল সেরা ৫ ছবি

১. চাচ্চু-পরিচালক এফ আই মানিক

২. ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া-পরিচালক উত্তম আকাশ

৩. কোটি টাকার কাবিন-পরিচালক এফ আই মানিক

৪. হৃদয়ের কথা-পরিচালক এস এ হক অলিক

৫. মায়ের মর্যাদা-পরিচালক প্রয়াত দিলীপ বিশ্বাস

২০০৬ সালের প্রথম ৫ ফ্লপ ছবি

১. ওরে সাম্পান ওয়ালা

২. জন্ম

৩. রসের বাইদানী

৪. সোনার ময়না পাখি

৫. ঠান্ডা মাথার খুনী

২০০৬ সালের আলোচিত ৫ নির্মাতা

১. আবু সাইয়ীদ-নিরন্তর

২. বেলাল আহমেদ-নন্দিত নরকে

৩. বাদল খন্দকার-বিদ্রোহী পদ্মা

৪. দিদারুল আলম বাদল-না বোল না

৫. তারেক মাসুদ-অর্ন্তযাত্রা

২০০৬ সালের সেরা ৫ অভিনেতা (ব্যবসাসফল ছবির বিচারে)

১. শাকিব খান

২. রিয়াজ

৩. মান্না

৪. ফেরদৌস

৫. রুবেল

২০০৬ সালের সেরা ৫ অভিনেত্রী (ব্যবসাসফল ছবির বিচারে)

১. শাবনূর

২. মৌসুমী

৩. পূর্নিমা

৪. পপি

৫. অপু বিশ্বাস

২০০৬ সালের ৫টি অশ্লীল ছবি

১. নিষিদ্ধ যাত্রা

২. সিসটেম

৩. ওরা নিষিদ্ধ

৪. জাদরেল

৫. তাকাও জনতা

চলচ্চিত্রের আলোচিত ৫টি গান

১. ভালবাসবো বাসবোরে-হৃদয়ের কথা

২. যায় দিন-হৃদয়ের কথা

৩. আমার নাই ফোন-চাচ্চু

৪. না বোল না-না বোল না

৫. আমার মাঝে নেই-রানী কঠির বাকী ইতিহাস