ক্লোজ আপ ওয়ান শিরোপা সালমার
ক্লোজ আপ ওয়ান ২০০৬ সঙ্গীত প্রতিযোগিতায় বিজয় মুকুট উঠল কুষ্টিয়ার মেয়ে সালমার মাথায়।
শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানে বিজয়ী হিসেবে সালমার নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মুহিন, দ্বিতীয় রানার আপ নিশিতা।
ক্লোজ আপ ২০০৬ বিজয়ী সালমার হাতে পুরস্কার হিসেবে ১০ লাখ টাকার চেক তুলে দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব মেহতা। আর গাড়ির চাবি দেন ব্র্যাক ব্যাংকের পরিচালক ইমরান চৌধুরী।
প্রথম রানার আপ মুহিনের হাতে ক্রেস্ট তুলে দেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালূ।
তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক।
দ্বিতীয় রানার আপ নিশিতার হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের আলী যাকের ও আসাদুজ্জামান নূর।
সঙ্গীত প্রতিভার খোঁজে “ক্লোজ আপ ওয়ান ২০০৬: গাও বাংলাদেশ গাও” প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠান শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে শুরু হয়। জমকালো এ অনুষ্ঠানটি এনটিভি সরাসরি সম্প্রচার করে।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে শীর্ষ ৪০ প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হয়। তারা সমবেত কণ্ঠে নওশাদ করিম চৌধুরীর কথা ও বাপ্পা মজুমদারের সুরে “বিজয় কেতন ওড়ে” গানটি পরিবেশন করেন।
এর আগে গত ২২ ডিসেম্বর এনটিভিতে প্রচার হওয়া চূড়ান্ত লড়াইয়ে রাজশাহীর প্রতিযোগী মুহিন নিজের পছন্দের “হায় রে মানুষ রঙিন ফানুস” এবং মৌলিক গান “পলক তুমি” পরিবেশন করেন।
কুষ্টিয়ার প্রতিযোগী সালমা নিজের পছন্দের “চাইলাম যারে, ভবে পাইলাম না তারে” এবং মৌলিক গান “আমার এক নয়ন” পরিবেশন করেন।
চট্টগ্রামের প্রতিযোগী নিশিতা নিজের পছন্দে “তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়স্কোপ” এবং মৌলিক গান “সবার প্রেম থেকে” পরিবেশন করেন।
প্রতিযোগিতায় তিন বিচারক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবী। তাদের পাশাপাশি দর্শকদের পাঠানো এসএমএস ভোটের ভিত্তিতে সর্বাধিক নম্বরপ্রাপ্তদের মধ্য থেকে ক্লোজ আপ ওয়ান ২০০৬ নির্বাচন করা হয়।
সালমা পেয়েছেন প্রায় ১৮ লাখ এসএমএস। মুহিন পেয়েছেন ৭ লাখ আর নিশিতা ৬ লাখেরও বেশি এসএমএস।
