২০০৬ সালে সেরা ট্যুর রোলিং স্টোনের
বিলবোর্ড এর হিসেব অনুযায়ী এ বছরের সবচেয়ে বেশি ট্যুর করেছে ব্রিটিশ ব্যান্ড রোলিং স্টোন।
আগস্ট ২০০৫ সালে উত্তর আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, জাপান, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপে ঘুরে এসে গত ২৫ নভেম্বর স্টোনস এর মুখপাত্র জানিয়েছে, এ বছর তাদের টিকেট বিক্রি থেকে আয় হয়েছে ৪৩৭ মিলিয়ন ডলার।
পরিমানটা “খারাপ নয়” বলে মন্তব্য করে স্টোনস এর ট্যুর প্রডিউসার মাইকেল কোহল বলেছেন, “তবে এটাই সব নয়। নানা কারণে ইউরোপের অনেক কনসার্ট বাতিল করতে হয়েছে আমাদের। সামার ট্রেক বিলম্বিত হয়েছে কেইথ রিচার্ডস এর মাথায় আঘাতের জন্য, স্পেনের দুটো শো বন্ধ ছিল মিক জ্যাগার ল্যারিংজাইটিসে আক্রান্ত হওয়ার ফলে। ওইসব শো শেষ করার তাকিদ রয়েছে আমাদের দিক থেকে। ফলে ট্যুরটা শেষতক আগামী বছর পর্যন্তও গড়াতে পারে।”
স্টোনস এর পরেই এ বছর শো এর দিক থেকে এগিয়ে আছেন ম্যাডোনা। এ বছর বিশ্বব্যাপী ট্যুর শেষে তার ঝুলিতে জমেছে ১৯৫ মিলিয়ন ডলার।
