প্রয়োজন জুলিয়া রবার্টসের পদযুগল
ললি উইনস্টনের উপন্যাস অবলম্বনে রোমান্টিক ছবি ‘হ্যাপিনেস সোল্ড সেপারেটলি’ ছবি প্রযোজনায় হাত দিচ্ছেন জুলিয়া রবার্টস।
পরিচালক স্কট কোফে।
ললি উইনস্টনের উপন্যাসটা পড়তে পড়তেই জুলিয়া রবার্টসের চেহারাটা ভেসে উঠেছিল স্কট কোফের। অন্তত সেরকমটাই দাবি করেছেন তিনি। বলেছেন, ‘ললির বইটা পড়ার সময় জুলিয়ার কথাই আমার মনে এলো সর্বপ্রথম। বইটির মূখ্য চরিত্র এলিনর এমন এক নারী যাকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য দরকার জুলিয়ার একাগ্রতা, সমানুভুতি, রসবোধ আর তার অনিন্দ্যসুন্দর পদযুগল।’
উপন্যাসটা পড়া না থাকায় অনেকের কাছেই পায়ের ব্যাপারটা ঠিক পরিষ্কার না হলেও জুলিয়া রবার্টসের ব্যাপারে অভিনেতা কোফের আগ্রহ নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। তারা দুজনেই দীর্ঘদিনের বন্ধু।
কোফে বলেছেন, ‘বহু দীর্ঘদিন ধরে আমি জুলিয়ার সাথে মিলে কিছু একটা করতে চাচ্ছিলাম। তার জন্য মানানসই একটা প্রজেক্টই শেষ পর্যন্ত আমি পেয়ে গেছি।’
কোফের আগ্রহ সত্বেও জুলিয়া রবার্টস ছবিতে অভিনয় করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
ছবির কাহিনী আবর্তিত হবে এক রমণীকে ঘিরে যে তার স্বামীকে জিমনেশিয়ামে নিউট্রিশনিস্টের সাথে প্রেম করতে দেখে ভেঙে পরে এবং ক্রোধে ফুঁসতে থাকে। ভুল জায়গায় ভুল মানুষের সাথে পরিচয়ের পরে সেটাকে শোধরানো-এই থিমের উপরই তৈরি হয়েছে ছবিটি।
ফক্স সার্চলাইট এরই মধ্যে ছবিটির পরিবেশনার আগ্রহ প্রকাশ করেছে।
জুলিয়া রবার্টস বর্তমানে ‘চার্লি উইলসন’স ওয়ার’ ছবিতে টম হাঙ্কস, ফিলিপ স্যেমুর হফম্যান ও অ্যামি এডামসের বিপরীতে অভিনয় করছেন।
