২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে ভাঙায় প্রেসকে দায়ি করছেন লোলোব্রিজিদা

মনে আছে লোলো ব্রিজিদার কথা? পঞ্চাশের দশকে সেই ইটালিয়ান তারকা যিনি শরীরী আবেদন দিয়ে ঝড় তুলেছিলেন রূপালী পর্দায়, রাতারাতি হয়ে উঠেছিলেন দর্শকদের হার্টথ্রব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সেই ঝড় থামার পরও মাঝে মাঝেই রাজনীতি, পশু ক্লেশ নিবারণ ইত্যাদি প্রসঙ্গে তার নাম এসেছে মিডিয়ায়। এসব কারণে মিডিয়ার সঙ্গে তার সম্পর্কে মোটামুটি ভালোই ছিল।

কিন্তু অতি সম্প্রতি সেই সম্পর্ক চটে গেছে। লোলো বেশ খেপে উঠেছেন গণমাধ্যমের উপর। কারণটা অবশ্য তার ব্যক্তিগত বিষয় নিয়ে।

নিজের চেয়ে ৩৪ বছরের ছোট এক স্প্যানিশ জ্যাভিয়ার রিগাউকে বিয়ে করার পরিকল্পনা এঁটেছিলেন ৭৯ বছর বয়স্ক এই প্রাক্তন চলচ্চিত্র তারকা। মিডিয়ার অপপ্রচারে কারণে সেই বিয়ে ভেস্তে গেছে।

ঘটনার পরপরই গত বৃহস্পতিবার ফিলাডেলফিয়া থেকে রোমে ফিরে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে লোলো বলেছেন, মিডিয়ার কাছ থেকে ক্রমাগত খোঁচাখুঁচি, অপমান আর সন্ত্রাসের শিকার হয়ে রিগাউ ভেঙে পরেছিল। এ কারণে তাদের বিয়ের পরিকল্পনা বরবাদ হয়ে যায়।

“তবে এখনও আমাদের দেখা হয়, আমরা বন্ধু এবং পরস্পরকে এখনও সম্মান করি।”

রিগাউয়ের সাথে লোলোর দেখা হয়েছিল ১৯৮৪ সালে, মন্টিকার্লোতে। এ বছর অক্টোবরে তারা বিয়ের ঘোষণা দেন। কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে তাদের বিয়ে হবে।

৪৫ বছর বয়স্ক উদ্যোক্তা রিগাউকে সুবিধাবাদী বলে আক্রমণ করে মাদ্রিদ টেলিভিশন স্টেশনগুলো থেকে তথ্য প্রচারিত হয়েছে। তার চরিত্র নিয়েও কটাক্ষ করা হয়েছে।

ইন্টারনেটের মাধ্যমে এসব খবর ছড়িয়ে পরেছে সারা দুনিয়ায়।

সাজানো বাগান এভাবে পয়মাল হয়ে যাবে এটা সহজে মেনে নিতে পারছেন না লোলো। এর একটা বিহিত করতে তিনি আইন বদলানোর জন্য কিছু করা যায় কিনা ভাবছেন।

“আমি একজন ক্ষুদ্র মানুষ। কিন্তু প্রেস এবং টেলিভিশনের স্পর্শকাতর সব খবরের হাত থেকে নাগরিকদের রক্ষা করার এই লড়াইয়ে আমি সফলতা আশা করছি।... এসব সাংবাদিকরা যদি জানে বানোয়াট খবর প্রচার করলে তাদের লাইসেন্স বাতিল হবে, ক্ষতিপুরণ দিতে হবে বিপুল অংকের টাকা, আমি নিশ্চিত এসব বদমায়েশি আর তারা করবে না।”

২২ বছর সংসার করার পরে ১৯৭১ সালে যুগোস্লাভ স্বামী মিলকো স্কোফিককে ডিভোর্স দিয়েছিলেন লোলোব্রিজিদা।

রিগাউয়ের আগেও আরও অনেকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে মিডিয়ায়। এদের মধ্যে রোনালন্ড রিগ্যান, হেনরি কিসিঞ্জার, ফিডেল ক্যাস্ট্রোর মতো নামীদামী রাজনীতিবিদরাও আছেন।

“আমাকে নিয়ে মিডিয়া অনেক বানোয়াট কথা লেখে। এটা আমার গা সওয়া হয়ে গেছে। কিন্তু বেচারা রিগাউ! শুধু আমার সঙ্গে সম্পর্ক থাকার কারণেই ওকে এতো মিথ্যে অপবাদ সইতে হলো। এর জন্য আমিই দায়ি,” এমন আহাজারিও করছেন লোলো।